২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় হামলার নিন্দায় খালেদা

গাজায় ফিলিস্তিনি জনগোষ্ঠির ওপর ইসরায়েলি হামলা বন্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 04:43 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, “এবার ইসরায়েলি বাহিনীর হামলা সাম্প্রতিককালের সবচেয়ে বড় নিষ্ঠুর সামরিক অভিযান। আমি গাজা উপত্যকায় ইসরায়েলের এহেন মরণঘাতী সামরিক অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের বিমান হামলায় চার দিনে শতাধিক নিহত হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ইতোমধ্যে এই হামলার নিন্দা জানানো হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা বলেন, “ইসরায়েল যদি তার আগ্রাসী মনোভাব বরাবরের মতো অব্যাহত রাখে তাহলে মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি ফিরে আসবে না।

“আমি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি তারা যেন ইসরায়েলকে জীবনবিনাশী ও বিধ্বংসী সামরিক অভিযান বন্ধ করতে চাপ সৃষ্টি করে এবং ফিলিস্তিনি জনগণের জানমালের নিরাপত্তায় এগিয়ে আসে।”

এই অভিযানের পেছনে ইসরায়েলের আধিপত্যবাদী নীতিকে দায়ী করেন বিএনপি চেয়ারপারসন।

“তাদের এই নীতির কারণেই নারী-শিশুসহ অসংখ্য ফিলিস্তিনির রক্ত ঝরছে এবং নিজ বাস্তুভিটা থেকে ফিলিস্তিনিরা অতীতেও যেমন উচ্ছেদ হয়েছে, তেমনিভাবে এখনো হচ্ছে।”

“আমি মনে করি, ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের দাবিকে ধ্বংস করার জন্যই সমস্ত হিংস্রতা দিয়ে এই সামরিক আক্রমণ চালানো হয়েছে।”

বিবৃতিতে খালেদা ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করেন।

পুরনো খবর:

মসজিদ, পুনর্বাসন কেন্দ্রেও হামলা হচ্ছে: ফিলিস্তিন
গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ