খ ম ফারুকের মরদেহ দেশে পৌঁছেছে
সাবেক ছাত্রনেতা, ইউকসুর সাবেক ভিপি খন্দকার মোহাম্মদ ফারুকের মরদেহ ঢাকায় এসেছে।
মঙ্গলবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর ধানমন্ডির বাসায় নিয়ে যাওয়া হয়।
বাদ আসর ধানমন্ডি ৭ নম্বর মসজিদে প্রয়াতের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ সাবেক ছাত্র নেতারা জানাজায় অংশ নেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
বুধবার সকাল ৯টায় খন্দকার মোহাম্মদ ফারুকের মরদেহ বারডেম থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)মাঠে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
ফাইল ছবি
বেলা ১১টায় মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বসাধারণের দেখার জন্য এক ঘণ্টা সেখানে তার মরদেহ রাখা হবে।
তারপর প্রয়াতের মরদেহ টাঙ্গাইল জেলার আইসড়া গ্রামে নিয়ে যাওয়া হবে। আইসড়া উচ্চ বিদ্যালয় মাঠে তার তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
রোববার ব্যাংককে মারা যান স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতা খন্দকার ফারুক। ছাত্র ইউনিয়নের সাবেক এই সভাপতির বয়স হয়েছিল ৬০ বছর।
