‘তারেকের স্বীকারোক্তি আশঙ্কাকে সত্যি প্রমাণ করেছে’
সাতখুনের মামলায় গ্রেপ্তার সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদের স্বীকারোক্তিমূলক জবাববন্দি প্রাতিষ্ঠানিকভাবে গুম-খুনের সঙ্গে বাহিনীটির সম্পৃক্ততা প্রমাণ করেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাজধানীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ফখরুল বলেন, “আজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তারেক সাঈদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আমাদের আশঙ্কাই সত্য প্রমাণিত হয়েছে। র্যাব প্রাতিষ্ঠানিকভাবে গুম-খুনের সঙ্গে জড়িত হয়ে পড়েছে। তারা অর্থের বিনিময়ে এইসব কাজ করেছে।”
র্যাব বিলুপ্তির দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমরা মনে করি, র্যাবের আর কোনো উপযোগিতা ও কার্যকারিতা নেই। একে অবিলম্বে বিলুপ্ত করা প্রয়োজন।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকালে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠক করেন ফখরুল। সংগঠনটিকে আরো সক্রিয় করা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সংগঠনের আহ্বায়ক গৌতম চক্রবর্তী, জয়ন্ত কুমার কুন্ডু, সদস্য অর্পণা রায় দাশ, দীপেন দেওয়ান, অমলেন্দু দাশ অপু, প্রতীপ বসু সন্তু, দেবাশীষ রায় মধু, এলবার্ট পি কস্তা, মানিক লাল ঘোষ, সুশীল বড়ুয়া, রমেষ দত্ত, খোকন চন্দ্র দাশ, সুব্রত উইলিয়াম রোজারিও, সুভাষ চন্দ্র চাকমা, জন গোমেজ, মৃগেল হাগিদক, অনিল লিউ কস্তা, মন্টু পিটার রোজারিও, হিমাদ্রি শেখর মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
বুধবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে জবানবন্দি দেন র্যাব-১১ এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ।
এর আগে আলোচিত এ হত্যাকাণ্ডে ‘দোষ স্বীকার’ করে একই আদালতে জবানবন্দি দেন র্যাব-১১ এর সাবেক দুই কর্মকর্তা মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানা।
আদালতের নির্দেশে গত ১৭ মে গ্রেপ্তার হয়ে ছয় দফায় এক মাস পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর বুধবার হাকিমের কাছে জবানবন্দি দেন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা তারেক।
কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারের পরিবারের দুই মামলায় ১৬৪ ধারায়ক জবানবন্দি নথিভুক্ত করে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে।
৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনের কাছ থেকে ৬ কোটি টাকা নিয়ে র্যাব এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তোলেন নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম।
তার অভিযোগের পর তারেক সাঈদসহ তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে ফিরিয়ে এনে সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়। এরপর তাদের গ্রেপ্তারের নির্দেশ দেয় হাই কোর্ট।
