২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর বিএনপি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কেন্দ্র ঘোষিত বিএনপির রংপুর জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবি জানিয়েছেন দলের স্থানীয় অনেক নেতা ও কর্মীকমর্থক।  

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 05:08 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

এ দুটি কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যায়িত করে তারা মঙ্গলবার সকালে জেলা ও মহানগর বিএনপির কার্যালয় দখল করেছেন। 

বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুকে কমিটি গঠনের ইন্ধনদাতা হিসেবে দাবি করে তাকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।   

বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত জেলা ও মহানগর কমিটির তালিকা সোমবার দুপুরে হাতে পান স্থানীয় নেতারা। এরপরই প্রতিবাদ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে হাজারো নেতাকর্মী নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় দখল করে নেন। দুপুরে তারা কমিটি বাতিলের দাবিতে নগরীতে ঝাড়ু মিছিল করেন।

মিছিল শেষে তারা পায়রা চত্বরে সমাবেশ করেন।

সমাবেশে জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও নতুন কমিটির সহ-সভাপতি মমতাজ শিরীন ভরসা বলেন, আন্দোলন সংগ্রামে যারা জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন তাদের কমিটিতে না রেখে অযোগ্য লোকদের নিয়ে মনগড়া ও পকেট কমিটি করা হয়েছে।

এই কমিটি বাতিলের আন্দোলন আজ থেকে শুরু হলো। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে কমিটি করা না হলে কেন্দ্রীয় মহাসচিবসহ কেন্দ্রের কোনো নেতাকে রংপুরে আসতে দেয়া হবে না।

তিনি বলেন, বিএনপি যখন রংপুরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ঠিক সেসময় দলকে ধংস করার জন্য নিজের অনুগতদের নিয়ে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব ষড়যন্ত্রের খেলায় মেতেছেন।

একই দাবিতে ১২ জুন রংপুর প্রেসক্লাবের সামনে দিনভর অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং এ কমিটি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন শিরীন ভরসা।

সমাবেশে নতুন কমিটির জেলা সহ-সভাপতি সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ উন নবী ডন, কৃষক সম্প্রদায় বিষয়ক সম্পাদক হাজী আবু তাহের, মহানগর কমিটির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মিজু, রইচ আহমেদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শহর বিএনপির সাবেক সভাপতি কাওছার জামান বাবলা বক্তব্য দেন।

পাঁচ বছর পর কেন্দ্র থেকে গঠন করা এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত কমিটিতে এমদাদুল হক ভরসা সভাপতি, সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলাম রাঙ্গাকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যের জেলা এবং মোজাফফর হোসেন সভাপতি, সামসুজ্জামান সামু সাধারণ সম্পাদক ও আনিছুর রহমান লাকুকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যের মহানগর কমিটি গঠন করা হয়।

২০০৯ সালের ২৩ জুলাই থেকে আহ্বায়ক কমিটি দিয়ে চলছিল জেলা বিএনপি। এবারই প্রথম মহানগর কমিটি গঠন করা হলো।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার একক সিদ্ধান্তে কমিটি করার অভিযোগ ভিত্তিহীন। রংপুর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে কমিটির তালিকা করা হয়েছে। পরে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব তাতে অনুমোদন দেন।”