২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধনীদের বাজেটের’ বিরুদ্ধে সিপিবি-বাসদের কর্মসূচি

প্রস্তাবিত বাজেট ধনীদের স্বার্থ রক্ষা করবে দাবি করে জনজীবেনের দুর্ভোগ অবসানে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দুই বাম দল সিপিবি ও বাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 04:11 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

সোমবার পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে দুই দলের এক যৌথ সংবাদ সম্মেলনে আগামী ১৭ জুন দেশব্যাপী বিক্ষোভ এবং ২১ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান উপস্থিত ছিলেন।

টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর আওয়ামী লীগের প্রথম বাজেটকে ‘ধনীদের পকেট ভরার’ বাজেট আখ্যায়িত করেন সেলিম।  

তিনি বলেন, আড়াই লক্ষ কোটি টাকার বাজেটে শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক ও সেবামূলক খাতে বরাদ্দ গত বছরের তুলনায় আনুপাতিক হারে কমেছে। কর্পোরেট ট্যাক্স কমিয়ে শিল্পপতি, ব্যাবসায়ী, লুটেরাদের ‘মুনাফার লালসা চরিতার্থ’ করা হয়েছে।

“অন্যদিকে সাধারণ মানুষের ওপর ভ্যাটের বোঝা বাড়িয়ে দেয়া হয়েছে।এই বাজেট শুধু উচ্চাভিলাষী নয়, ধনীদের পকেট ভরার বাজেট।”

জ্বালানি খাতে জাতীয় সক্ষমতা বৃদ্ধি, পোশাক শ্রমিকদের জীবন মান উন্নয়ন ও গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়নি বলে দাবি করেন সিপিবি সভাপতি।

বিদ্যমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক ছাত্র সেলিম।

“ঋণনির্ভর বিশাল আকারের ঘাটতি বাজেট পেশের মাধ্যমে জনদুর্ভোগ আরো বাড়ানো ও লুটপাটের অর্থনীতিকে আরো উৎসাহিত করার পথ গ্রহণ করা হয়েছে।”

দেশের বর্তমান চিত্র তুলে ধরে সেলিম বলেন, “দেশ আজ  বহুমুখী সঙ্কটে, ক্রমবর্ধমান গুম-খুন-অপহরণ জনমনে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করেছে।”

বর্তমান সরকার ‘জবরদস্তি’ করে ক্ষমতায় রয়েছে বলেও মন্তব্য করেন দশম সংসদ নির্বাচন বয়কটকারী সিপিবির সভাপতি।

বর্তমান পরিস্থিতিতে ‘দ্বি-দলীয়’ বৃত্তের বাইরে বাম বিকল্প শক্তি গড়ে তুলতে নতুন কর্মসূচি সিপিবি-বাসদ ঘোষণা করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহাম্মদ, কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ প্রমুখ।