ফরমালিন ব্যবহারে তারা দ্ক্ষ: ফখরুল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে তার ‘ফরমালিনের’ শাসনামলকে জনগণের জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‘ফরমালিনে তাজা’ বিএনপি
রোববার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপিকে তিনি ফরামালিন দিয়ে বাঁচিয়ে রেখেছেন।
“এর জবাবে আমরা বলতে চাই, তার শাসনামলই হচ্ছে ফরমালিনের যুগ। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিসহ সব জায়গায় তারা দক্ষভাবে এই ফরমালিন প্রয়োগ করে চলেছে,” ফরমালিনের স্বাস্থ্যঝুঁকির দিকে ইঙ্গিত করে বলেন তিনি।
সরকারকে পচতে সময় দিচ্ছি- খালেদা জিয়ার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় শেখ হাসিনা শনিবার বলেন, “পচলটা কে, নির্বাচনে অংশ না নিয়ে তিনিই তো পচে গেছেন। আমরা বিএনপিকে ফরমালিন দিয়ে তাজা রাখার চেষ্টা করছি।”
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, “বিএনপি কারো দয়ায় চলে না। জনগণের ভালবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে চলছে।”
‘আত্মম্ভরিতা’ ছেড়ে সরকারকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, তাহলেই প্রমাণ হয়ে যাবে- কারা জনপ্রিয়, আর কারা জনবিচ্ছিন্ন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে সংবাদ সম্মেলনে ছিলেন রুহুল কবির রিজভী, আবদুস সালাম, আহমেদ আজম খান, আসাদুল করিম শাহিন, হাবিবুল ইসলাম, হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, হেলেন জেরিন খান, শাম্মী আখতার প্রমুখ।
‘সরকারের উদ্দেশ্য বিরোধীদের নিশ্চিহ্ন করা’
সভা-সমাবেশে সরকারের বাধা দেয়ার সমালোচনা করে ফখরুল বলেছেন, বিরোধীদের রাজনীতি বন্ধের ষড়যন্ত্র চলছে। বিরোধীদের নিশ্চিহ্ন করাই সরকারের এই কর্মকাণ্ডের উদ্দেশ্য।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার রাজধানীর লালবাগ চৌরাস্তায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ শেষে তিনি সাংবাদিকদের কাছে দেয়া বক্তব্যে এ অভিযোগ করেন।
এর আগে বেলা পৌনে ১২টা আজিমপুরের বটতলা প্রাইমারি স্কুলের সামনে খাবার বিতরণের মধ্যে দিয়ে তৃতীয় ও শেষ দিনের কর্মসূচি শুরু করেন তিনি।
বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে খাবার বিতরণের তিন দিনের কর্মসূচি শুরু হয় শুক্রবার জিয়ার মৃত্যুবার্ষিকীর দিন থেকে। ওই দিন রাজধানীর ২৫টি স্থানে খাবার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ফখরুল বলেন, “এই সরকার অবৈধ ও অনৈতিক একটি সরকার। তারা বিরোধী দলকে রাজধানীতে সভা-সমাবেশ করতে দিতে চায় না।
“আজকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচিতে তারা বাধা দিচ্ছে। মঞ্চ ভেঙে দিচ্ছে, ব্যানার ছিঁড়ে ফেলছে। এসবের উদ্দেশ্য একটাই- বিরোধী দলকে নিশ্চিহ্ন করা, যাতে বিরোধী দল রাজনীতি করতে না পারে।’’
মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার দলের হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। লালবাগের সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে।
এ অবস্থা থেকে উত্তরণে সরকার হটানোর আন্দোলন করা ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
এরপর তিনি লালবাগের চৌরাস্তা, দয়াগঞ্জ সোনালী ব্যাংক, সূত্রাপুরের সাদেক হোসেন খোকা মাঠ, সদরঘাট, যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কে খাবার বিতরণ করেন।
ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, মহানগর নেতা নাসিমা আখতার কল্পনা, হাজী আফতাব, আনোয়ার পারভেজ, মো. মোহন, মকবুল হোসেন টিপু, নবী উল্লাহ নবী, স্বেচ্ছাসেবক দলের নেতা আলী রেজাউর রহমান রিপন প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।
এছাড়া শেষ দিনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জুরাইন, দয়াগঞ্জ, শ্যামপুর, ধলপুর, বাসাবো, সিপাইবাগ, খিলগাঁও এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান পোস্তাগোলা, কাঠের পুল, লোহার পুল এলাকায় খাবার বিতরণ করেন।
