হাসিনাকেও জবাবদিহি করতে হবে: খালেদা
‘গুম-খুনের’ জন্য প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকেও একদিন জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
“যারা দেশে গুম-খুন-হত্যাকাণ্ড ঘটিয়েছে, ঘটাচ্ছে, তাদের বিচার একদিন না একদিন হবেই। যত ক্ষমতাবানই হোক না কেন, তাদের জবাবদিহি করতে হবে। হাসিনাও বাদ যাবে না, তাকেও এজন্য একদিন চোখের পানি ফেলতে হবে।”
মঙ্গলবার রাতে গুলশানে নিজের কার্যালয়ে কুমিল্লার নিখোঁজ দুই বিএনপি নেতার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে বক্তব্যে এই হুঁশিয়ারি দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা।
কুমিল্লার লাকসাম আসনের সাবেক বিএনপি সাংসদ সাইফুল ইসলাম হিরু এবং লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীরের পরিবার এদিন খালেদার সঙ্গে দেখা করেন।
গত ১৭ নভেম্বর এই দুই নেতাকে র্যাব তুলে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। এরপর থেকে দুজনেই নিখোঁজ। সম্প্রতি র্যাবের বিরুদ্ধে তারা মামলাও করেছেন।
গত এক বছরে বিএনপির তিন শতাধিক নেতা-কর্মীকে ‘গুম-খুন’ করা হয়েছে বলে দলটির অভিযোগ। সরকার র্যাবকে এই কাজে ‘ব্যবহার’ করছে অভিযোগ করে এই বাহিনীর বিলুপ্তির দাবিও তুলেছে দলটি।
সাত খুনে র্যাব কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ তুলে ধরে খালেদা বলেন, “নারায়ণগঞ্জের ঘটনার সঙ্গে জড়িত র্যাব তিন কর্মকর্তার যে অপরাধ করেছে, তাদের কোট মার্শাল হওয়া উচিৎ ছিল।
“কিন্তু সরকার তা করেনি, বরং তাদের বরখাস্ত না করে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। কারণ ওই অভিযুক্ত অপরাধীদের একজন তারেক সাঈদ মন্ত্রীর নিকট আত্মীয়।”
সাত খুনে অভিযোগের মুখে থাকা র্যাব-১১ এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদকে কুমিল্লার হিরু ও হুমায়ুন অপহরণের মামলারও আসামি করা হয়েছে।
নিজে প্রধানমন্ত্রী থাকার সময় গঠিত র্যাব বিলোপের দাবি তোলার ব্যাখ্যা দিয়ে খালেদা বলেন, “র্যাবকে গঠন করা হয়েছিলো জঙ্গি ও সন্ত্রাস দমনের জন্য। আজ তাদের রাজনৈতিক দল দমনের কাজে ব্যবহার করা হচ্ছে।
“কেউ অপরাধ করলে তাকে ধরে আইনের কাছে সোপর্দ করাই হচ্ছে আইনের বিধান। কিন্তু র্যাব তা না করে বিরোধী দলের নেতা-কর্মীদের তুলে নিয়ে গুম করে দিচ্ছে, হত্যা করছে। এই প্রতিষ্ঠানটি এখন সাধারণ মানুষের কাছে আতঙ্কের একটি নাম।”
সব ‘গুম-হত্যা’র সঙ্গে র্যাব জড়িত রয়েছে দাবি করে তিনি বলেন, র্যাব সশস্ত্র বাহিনীর সুনামও ক্ষুণ্ন করছে।
অনুষ্ঠানে হিরুর স্ত্রী ফরিদা ইসলাম, মেয়ে তাসনুবা ইসলাম, মাসরুফা ইসলাম,ছেলে রাফনানুল ইসলাম এবং হুমায়ুন কবীরের স্ত্রী শাহনাজ আখতার, ছেলে শাহরিয়ার কবির, মেয়ে ময়মুন জাহান ঈশিতা, জান্নাতুল ইসলাম বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
“আমরা আপনাদের পাশে আছি। একদিন এর বিচার হবে। ধৈর্য ধরুন। আল্লাহর কাছে দোয়া করুন,” নিখোঁজদের পরিবারকে সান্ত্বনা দেন তিনি।
বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসন বলেন, “শিগগিরই আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। আমরা আর পিছপা হব না। এই সরকারকে হটিয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনব।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খন্দকার, আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আল, কুমিল্লার নেতা আনোয়ারুল আজীম, আবুল কালাম, রশীদ আহমেদ, ইলিয়াস পাটোয়ারি, শাহ সুলতান, কাজী আবুল বাশার এসময় উপস্থিত ছিলেন।
বুধবার মুন্সীগঞ্জে জনসভা
মুন্সীগঞ্জে খালেদা জিয়ার সমাবেশের সব প্রস্তুতি শেষ করেছে বিএনপি। বুধবার বেলা দেড়টায় মুন্সীগঞ্জের লঞ্চঘাট সংলগ্ন হাট লক্ষ্মীগঞ্জে এই জনসভা শুরু হবে।
মঙ্গলবার নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনিপর যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সমাবেশের সব প্রস্তুতি শেষ হয়েছে।
‘গুম-খুন’র বিরুদ্ধে জেলা বিএনপির উদ্যোগে এই জনসভা হচ্ছে। এতে প্রধান অতিথি থাকবেন খালেদা জিয়া।
রিজভী জানান, খালেদা জিয়া বেলা ১টায় গুলশানের বাসা থেকে মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা হবেন।
