২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্ছ্বসিত হলেও বিএনপির লাভ হবে না: কামরুল

ভারতে সরকার পরিবর্তনে বিএনপি নেতারা উচ্ছ্বসিত হলেও তাতে তাদের কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 12:00 AM

Updated : 22 Aug 2022, 06:22 PM

সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় তারা এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। বিশ্বাস করি ভবিষ্যতেও তারা এদেশের মানুষের পাশে থাকবে।”

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ওই সভায় খাদ্যমন্ত্রী বলেন, “ভারতের সরকার পরিবর্তনের ফলে বিএনপি নেতাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও তাতে কোনো লাভ নেই। কোন বিদেশি বন্ধু তাদের কাজে আসবে না।”

তিনি বলেন, “বিএনপির মাথায় পচন ধরেছে, তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এজন্য তারা জনগণের কাছে পৌঁছাতে না পেরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

বিএনপি নেতারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়-মন্তব্য করে আওয়ামী লীগ নেতা কামরুল বলেন, “তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না। বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তার কথা বিবেচনা করে খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম বিশেষ এজলাসে পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু বিএনপি এটি নিয়েও অপপ্রচার অব্যাহত রেখেছে।”

আলোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, শাহ আলম মুরাদ, সোহরাব খান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।