২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতার মামলায় ফখরুলদের বিরুদ্ধে অভিযোগপত্র

পুলিশের কাজে বাধা ও সহিংসতার অভিযোগে রাজধানীর রমনা থানার এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 05:25 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বৃহস্পতিবার সকালে মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয় বলে জানিয়েছেন আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুর রহমান।

অভিযোগপত্রে বিস্ফোরক আইনের ধারাও যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

মির্জা ফখরুল ছাড়াও অভিযুক্তদের মধ্যে বিএনপি নেতা মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আবদুল্লাহ আল নোমান, ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপুর নামও রয়েছে।

২০১৩ সালের ২ মার্চ রমনা থানার সে সময়ের এসআই আসফাক রাজীব হাসান ২৭ জনকে আসামি করে এ মামলা করলেও অভিযোগপত্রে ২৯ জনের নাম রয়েছে।

মামলার এজাহারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের নাম না থাকলেও অভিযোগপত্রে তার নাম এসেছে বলে জানান মাহমুদুর রহমান।