নিউইয়র্কে বিএনপির বিক্ষোভ
সরকারের মদদেই র্যাবসহ দলীয় ‘মাস্তানরা’ বাংলাদেশে অপহরণ, গুম এবং খুনের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করে এসব বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নিউইয়র্ক রাজ্য ও মহানগর শাখা।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইট্স-এর ডাইভার্সিটি প্লাজায় এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন রাজ্য বিএনপির সভাপতি অলিউল্যা মোহাম্মদ আতিকুর রহমান এবং সভা পরিচালনা করেন নিউইয়র্ক বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হত্যা-গুম-অপহরণ ও নির্যাতন করে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চায়।
তারা বলেন, দেশের আজকের এই চিত্র ‘৭২ থেকে ৭৫’র বাকশালী শাসনের কথা স্মরণ করিয়ে দেয়। হত্যা, গুম, অপহরণ ও নির্যাতন বন্ধ করা না হলে প্রবাস থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশ থেকে অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে শেখ হাসিনার পদত্যাগের দাবিও জানানো হয়।
সমাবেশে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য দেন ফেনী জেলা বিএনপি’র উপদেষ্টা জসিম উদ্দিন ভূইয়া, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এম এ খালেক আকন্দ, সহ-সভাপতি মোঃ আলমগীর খান এবং নিউইয়র্ক সিটি বিএনপি’র সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজা।
এতে আরও বক্তব্য দেন নিউইয়র্ক সিটি বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন, সহ-সভাপতি ওয়াহেদ আলী মন্ডল, সিটি বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন, অধ্যাপক এম এ মতিন, নুরল ইসলাম এবং রুহুল আমিন নাসির।
