‘খালেদার পাশ থেকে বুদ্ধিদাতারা কেটে পড়েছেন’
৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়ার ব্যাপারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ‘বুদ্ধিদাতারা’ তার পাশ থেকে কেটে পড়েছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
স্থানীয় সময় রোববার রাতে নিউইয়র্কের এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ৫ জানুয়ারির আগে যারা বেগম খালেদা জিয়াকে বুদ্ধি দিয়েছিলো নির্বাচনে না এসে নাশকতামূলক কর্মকান্ড চালিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করার জন্যে, এখন সে সব বুদ্ধিদাতারা কেটে পড়েছে।
“কারণ, জনগণের সমর্থন নেই-এমন কারো সাথে কেউ থাকতে চান না। পরাজিতদের পাশে কেউ থাকে না।’
‘শেখ হাসিনা অ্যান্ড হার রোল ইন শেপিং দ্য ডেস্টিনি অফ বাংলাদেশ-দ্য ল্যান্ড অফ হোপ অ্যান্ড ড্রিম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ নাসিম।
সেমিনারে নাসিম বলেন, “খালেদা জিয়ার ওই আন্দোলনে জনসম্পৃক্ততা ঘটেনি। আন্দোলনে দলের নেতারা সোচ্চার হননি। কারণ, বিএনপির প্রায় সকল নেতাই হলেন সুবিধাবাদি এবং আরামপ্রিয়।
“এজন্য খালেদা জিয়া নির্বাচন বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়েছেন এবং অপরদিকে গণতন্ত্রের জয় হয়েছে। বাংলাদেশ জঙ্গিমুক্ত হয়েছে।”
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এ সেমিনারের প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জাতীয় সংসদে জনপ্রশাসন স¤পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ এইচ আশিকুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসার।
আওয়ামী লীগের হয়ে দ্বিতীয়বারের মতো মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়া নাসিম বলেন, “বেগম জিয়াকে সে সময় নিশ্চয়তা প্রদান করা হয়েছিল যে, তিনি ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রণ না করলে ২৪ জানুয়ারির পর বেগম জিয়াই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিদেশি কয়েকটি গোষ্ঠি এ নিশ্চয়তার বিনিময়ে চেয়েছিল বাংলাদেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে।”
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ওই যড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সঞ্চালন করেন সেক্রেটারী সাজ্জাদুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনায় আরো অংশ নেন আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, আব্দুস সামাদ আজাদ, আইরিন পারভিন প্রমুখ।
বিএনপি’র র্যাব বিলুপ্ত করার দাবি প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, “এই র্যাব সৃষ্টি করেছেন বেগম জিয়া। এই র্যাব দিয়ে ২০০৬ সাল পর্যন্ত তারা অনেক কিছু করেছেন। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ক্ষমতায় আসার পর র্যাবকে গণমুখী করা হয়েছে।
“প্রতিনিয়ত তারা দুর্বৃত্ত দমনের কাজ করছে। কাজ করলে কিছু ভুল হতেই পারে। সেই ভুলের জন্যে দায়ীদের বিচার হয়েছে এবং এখনও হচ্ছে। দুয়েকজন অসৎ কর্মকর্তার কারণে র্যাবের মত একটি শক্তিশালী বাহিনীকে বিলুপ্ত করতে হবে কেন?”
সেমিনারে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এ এইচ আশিকুর রহমান বলেন, “বিশাল অংকের বাজেট করা হচ্ছে। বাংলাদেশের মত একটি ক্ষুদ্র রাষ্ট্রের জন্যে এত বড় অংকের বাজেট সুফল বয়ে আনতে পারবে না, যদি বরাদ্দকৃত সকল অর্থ যথাযথভাবে ব্যয় করা সম্ভব না হয়।”
তিনি বলেন, ‘জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা। এ অবস্থায় দরকার বুদ্ধিদীপ্ত সংবেদনশীল ব্যবস্থাপনা। বাজেট হওয়া উচিত ইনোভেটিভ। তাহলে বাংলাদেশ এগিয়ে চলার পথ সুগম হবে।”
