২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের দায় সরকারেরও: ফখরুল

যেসব অভিযোগে র‌্যাব বিলুপ্তির দাবি খালেদা জিয়া তুলেছেন, তার দায় সরকারেরও বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 05:57 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

দলীয় চেয়ারপারসন দাবি তোলার পরদিন সোমবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশে তিনি নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডে র‌্যাবের সম্পৃক্ততার অভিযোগ তুলে ধরে এই মন্তব্য করেন তিনি।    

ফখরুল বলেন, “এই হত্যাকাণ্ডের দায় র‌্যাবের একার নয়। এর দায় প্রধানমন্ত্রী ও তার সরকারকে নিতে হবে। কারণ তারা র‌্যাব পরিচালনা করতে ব্যর্থ হয়েছে।” 

বিএনপির সময় গঠিত র‌্যাব এখন হত্যা-গুম-অপহরণে জড়িত হয়ে পড়েছে অভিযোগ করে খালেদা এই বাহিনীকে বিলুপ্ত করার দাবি তুলেছেন। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা তা নাকচ করেছে।

দলীয় চেয়ারপারসনের বক্তব্য সমর্থন করে ফখরুল বলেন, “জীবন রক্ষার জন্য র‍্যাব গঠন করা হলেও তারা এখন মানুষের জীবন হরণ করছে। ভাড়াটিয়া খুনির মতো টাকা নিয়ে মানুষ খুন করছে। তাই তাদের আর প্রয়োজন নেই।”

র‌্যাবকে ‘রাজনৈতিকভাবে’ ব্যবহারের কারণে নারায়ণগঞ্জের মতো হত্যাকাণ্ড ঘটেছে দাবি করে সাত খুনের দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বানও জানান তিনি।

নিজেদের সময়ে গড়া র‌্যাব নিয়ে এখনকার অবস্থানের বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির মুখপাত্র বলেন, “বিএনপি জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলের জন্য র‌্যাব গঠন করেছিল। তখন এই বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের কোনো নজির নেই।”

পুরনো খবর:

জঙ্গিদের রক্ষায় র‌্যাবের বিলুপ্তি চান খালেদা: আওয়ামী লীগ
‘দেশের মানুষ এত নিরাপত্তাহীন কখনো ছিল না’