‘দেশের মানুষ এত নিরাপত্তাহীন কখনো ছিল না’
দেশের মানুষ এত নিরাপত্তাহীন কখনো ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক।
সোমবার কিশোরগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির বর্ধিত সভায় তিনি একথা বলেন।
গুম, হত্যা ও অপহরণের মতো ঘটনা কোনো সভ্য সমাজে চলতে পারে না বলেও মনে করেন সাবেক বিএনপি সরকারের এই শিক্ষামন্ত্রী।
সরকারের প্রশাসন ও পুলিশকে তাদের নেতাকর্মীদের নির্যাতনের কাজে ব্যবহার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
বর্তমান সরকারের আমলে কোনো ধর্মীয় সম্প্রদায় নিরাপদ নয় বলে দাবি করে তিনি বলেন, সরকার একদিকে ধর্ম নিরপেক্ষতার নামে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ‘ঈমান-আকিদা’ বিরোধী কাজ করে যাচ্ছে, অপরদিকে রামুসহ দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ও বসতবাড়িতে হামলা চালাচ্ছে।
সাংবিধানিক বাধ্যবাধকতার দোহাই দিয়ে আওয়ামী লীগ দেশে একটি ‘একদলীয় বাকশালী’ সরকার কায়েম করেছে বলে তিনি অভিযোগ করেন।
সরকার আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে দাবি করেন ওসমান ফারুক।
জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় বিএনপি জাতীয় কার্য নির্বাহী কমিটির সদস্য শরীফুল আলমসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
