২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুল গ্রেপ্তার, চট্টগ্রামে হরতালের ডাক জামায়াতের

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির আ ন ম শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ দলটির ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 05:44 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

সোমবার বিকালে তাদের গ্রেপ্তারের পর এর প্রতিবাদে আগামী বুধবার বৃহত্তর চট্টগ্রামে দিনব্যাপী হরতাল ডেকেছে জামায়াত।

নগরীর সিরাজ উদ দৌল্লাহ সড়ক সংলগ্ন দেওয়ানজী পুকুর লেইন এলাকায় জামায়াত কার্যালয় থেকে গ্রেপ্তার ২১ জনের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তাও রয়েছেন।

ওই কার্যালয়ে তল্লাশি চালিয়ে পেট্রোল, পটাশ, বোতল, লিফলেটসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয় বলে কোতয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াত নেতাকর্মীরা কার্যালয়ে গোপন বৈঠক করছিলেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।”

নগর পুলিশের সহকারী কমিশনার শাহ আবদুর রউফ বলেন, “যুদ্ধাপরাধীদের রায় ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রামে নাশকতা সংগঠনের পরিকল্পনার জন্য বৈঠক করছিল এবং সেখানে বহিরাগতরাও ছিল।”

গ্রেপ্তার বাকিরা হলেন- আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নগর জামায়াতের সহকারী সেক্রেটারি আ জ ম ওবায়দুল্লাহ, প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ, সদস্য মো. জাকের হোসেন, সদস্য সৈয়দ  মো. আলম, দেওয়ানবাজার ওয়ার্ডের প্রচার সম্পাদক শাহ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, ইসলামিয়া একাডেমির কর্মচারী মো. সিদ্দিকুর রহমান, নগর জামায়াতকর্মী ফারুক আজম, সদস্য আবদুল মতিন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) বালুছড়া কার্যালয়ের কর্মচারী এবিএম মনিরুজ্জামান, দক্ষিণ জেলা জামায়াতের অফিস পিয়ন মো. মাইনুদ্দিন।

এছাড়াও রয়েছেন- চট্টগ্রাম বন্দরের সহকারী ট্রাফিক পরিদর্শক (এটিআই) মো. আবদুল হাকিম, দেওয়ান বাজার জামায়াতের মসজিদের খাদেম মো. ইব্রাহিম, মসজিদের মুয়াজ্জিন মো. সেলিম, নগর জামায়াত সদস্য আইয়ুব আলী, তৌহিদুল আলম, আবুল হাশেম, আবু বক্কর সিদ্দিকী ও পতেঙ্গা ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক আবদুল মোতালেব।

জামায়াত কার্যালয়ে অভিযান চালিয়ে দুই লিটার পেট্রোল, দেড় কেজি পটাশ, বেশকিছু কাচের বোতল, বিপুল পরিমাণ প্রচারপত্রও উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ জানায়।  

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ আনা হবে বলে কোতায়ালি থানার ওসি মহিউদ্দিন সেলিম জানিয়েছেন।

সাবেক সংসদ সদস্য শামসুলের বিরুদ্ধে নাশকতার বিভিন্ন মামলা রয়েছে।

“সেসব যাচাই করা হচ্ছে। কাল (মঙ্গলবার) তাদের আদালতে হাজির করা হবে,” বলেন ওসি।

গ্রেপ্তারের পরপরই সন্ধ্যায় জামায়াতের পক্ষ থেকে হরতালের ডাক দেয়া হয়।

নগর জামায়াতের নায়েবে আমির  আহসান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘অন্যায়ভাবে’ নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামসহ তিন পার্বত্য জেলা ও কক্সবাজারে এ হরতাল ডাকা হয়েছে।

এছাড়া মঙ্গলবার চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিক্ষোভ কর্মসূচিও পালন করবে জামায়াত।