‘নতজানু নীতির জন্য পানির ন্যায্য হিস্যা আসছে না’
সরকারের ‘নতজানু’ পররাষ্ট্র নীতির কারণে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।
শুক্রবার রাজধানীতে এক মানববন্ধনে তিনি বলেন, “তিস্তা নদী একটি আন্তর্জাতিক নদী। এর ওপর ভারত, বাংলাদেশের সমান অধিকার রয়েছে। কিন্তু ভারত একতরফা এই নদীর পানি প্রবাহের পথে বাধ দিয়ে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে।
“এ ব্যাপারে সরকার নিশ্চুপ। তাদের নতজানু পররাষ্ট্র নীতির কারণে আমরা নদীর পানি ন্যায্য হিস্যা পাচ্ছি না।’’
তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে গত ২২ ও ২৩ মার্চ ঢাকা থেকে নীলফামারীর ডালিয়া অভিমুখে লংমার্চ করে বিএনপির। ওই লংমার্চের নেতৃত্ব দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সহযোগী সংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।
মাহবুবুর রহমান বলেন, “ভারত একতরফাভাবে আন্তর্জাতিক নদীর পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। দেশের ৫৪টি নদীর ওপর তারা বাধ ও ব্যারেজ নির্মাণ করেছে। এর ফলে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। এতে প্রাকৃতিক দুর্যোগসহ মরুকরণ হচ্ছে।”
বিএনপির এই নেতা বলেন, “চলতি বছরে তিস্তা নদীর পানির প্রবাহ রেকর্ড পরিমাণ কমেছে, যা অতীতে কখনোই হয়নি।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “জনগণের ভোট ছাড়া সরকার ক্ষমতায় বসে আছে। তারা অন্য দেশের সহযোগিতা নিয়ে দেশ চালাচ্ছে বলে দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে।’’
অবিলম্বে নতুন নির্বাচন দাবি করে মাহবুবুর রহমান বলেন, “এখন বড় সংকট দেশের গণতন্ত্রকে বন্দি করে রাখা হয়েছে। এ থেকে মুক্তির একমাত্র পথ নতুন একটি নির্বাচন। সেই নির্বাচন হতে হবে নির্দলীয় একটি সরকারের অধীনে।’’
ঐক্য পরিষদের সভাপতি মো. হানিফের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম প্রমুখ বক্তব্য দেন।
