২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ইউএনও কার্যালয় ঘেরাও করবে বিএনপি

উপজেলা নির্বাচনের চতুর্থ দফায় ‘ভোট ডাকাতি করে জনরায় ছিনিয়ে নেয়ার’ অভিযোগে বৃহস্পতিবার সারাদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করবে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

মাইনুদ্দীন রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 02:54 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

মঙ্গলবার দুপুরে এক সংবাদ ব্রিফিঙে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, ইউএনও কার্যালয় ঘেরাওয়ের পাশাপাশি ওইদিন স্মরকলিপিও দেয়া হবে।

রিজভী বলেন, “চতুর্থ দফা নির্বাচনে রক্তারক্তি আর খুনাখুনিতে আগের সব রেকর্ড ভঙ্গ হয়েছে। মধ্যরাতে ব্যালট পেপারে সিল মারা, দিনভর কেন্দ্র দখল, ভোট বাক্স ছিনতাই ও ব্যালট পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে। এই নির্বাচনে ভোট ডাকাতি করে সরকার নিজেদের অনুকূলে রায় ছিনিয়ে নিয়েছে।

“এর প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে উপজেলা কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি পেশের এই কর্মসূচি আমরা ঘোষণা করছি।”

ছয় পর্বের এই নির্বাচনে রোববার চতুর্থ পর্বে ৪৩ জেলার ৯১টি উপজেলায় ভোট হয়। গোলযোগের কারণে ১১টি উপজেলার অন্তত ৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তারা, সহিংসতায় নিহত হন চারজন।

প্রথম তিনটি পর্বে পিছিয়ে থাকা ক্ষমতাসীন আওয়ামী লীগ চতুর্থ পর্বে এসে বিএনপিকে ছাড়িয়ে যায়। চার পর্ব মিলিয়ে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জন। আর বিএনপি নেতারা চেয়ারম্যান হয়েছেন ১৫০ উপজেলায়।

এর আগে তৃতীয় দফায় ভোটের পরও ‘ভোট ডাকাতি ও সহিংসতার’ অভিযোগে গত ২০ মার্চ দেশব্যাপী জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেয় গত জাতীয় নির্বাচন বর্জনকারী দল বিএনপি।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে রিজভী অভিযোগ করেন, ফেনীর রামগঞ্জ ও সদরে ক্ষমতাসীন দলের প্রার্থীরা ‘স্থানীয় প্রশাসন ও পুলিশ-র‌্যাবের সহায়তায়’ ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও বাড়ি বাড়ি হানা দিচ্ছে। ক্ষমতাসীনরা প্রতিদিন এভাবে ‘তাণ্ডব’ চালাচ্ছে।

নির্বাচন কমিশনের সমালোচনায় তিনি বলেন, “এই কমিশন যে অনুগত তার বড় প্রমাণ হচ্ছে- একজন নির্বাচন কমিশনার সরকারের এক মন্ত্রীর বিরুদ্ধে নালিশ করেছেন। আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেয়ার ক্ষমতা সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনকে এমনিতেই দেয়া হয়েছে। তারপরও তারা ব্যবস্থা নিতে পারছেন না বলে কেবিনেট সেক্রেটারিকে চিঠি দিয়ে জানাচ্ছেন।”

চতুর্থ দফা নির্বাচন সুষ্ঠু হয়েছে- প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের এমন দাবির প্রতিক্রিয়ায় রিজভী বলেন, “এতো ভোট ডাকাতি ও মানুষ হত্যার পরও তিনি ভোটে শান্তি দেখতে পারছেন। এটা অদ্ভুত।”

অন্যদের মধ্যে বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, মহানগর যুগ্ম আহবায়ক আবু সাঈদ খান সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।