২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাম বাড়ানোয় চট্টগ্রামে বিএনপির প্রতিবাদ

দুর্নীতির দায় জনগণের ওপর চাপিয়ে দিতেই সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 10:33 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

শুক্রবার বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণের বিক্ষোভ সমাবেশে নোমান বলেন, সীমাহীন দুর্নীতি ও লুটপাটের দায়ভার জনগণের ওপর চাপানোর জন্যই সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে।

“বিদ্যুৎখাতের দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে সরকারের শীর্ষ ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। অবৈধ সরকারের এ সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না।”

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা না হলে বিএনপি কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন নোমান।

চট্টগ্রাম নগর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুবদল সভাপতি কাজী বেলাল উদ্দিন, চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজ উল্লাহ প্রমুখ।