গোপালগঞ্জ নিয়ে বললে ‘উচিত শিক্ষা’ দেব: শেখ সেলিম
গোপালগঞ্জ নিয়ে আর কথা না বলতে খালেদা জিয়াকে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিজের জেলা নিয়ে বিএনপি চেয়ারপারসনের রোববারে বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার সংসদে বক্তব্যে এই হুঁশিয়ারি দেন শেখ সেলিম।
‘গোলাপী’ সম্বোধনের পাল্টায় বিএনপি চেয়ারপারসন রোববার এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রীকে ইঙ্গিত করে বলেন, “গোপালী এখন ট্রেনে নয়, ক্রেনে। তাদের ক্রেন দিয়ে টেনে তুলতে হবে।”
শেখ সেলিম বলেন, “ট্রেন ঠিকই চলছে। তিনি (খালেদা) রাজনৈতিক ট্রেন থেকে ছিটকে পড়েছেন। উনি এখন ফুটপাতে হাঁটছেন।
“যেখানে বঙ্গবন্ধু শুয়ে আছে, সে অঞ্চলের মানুষ সম্পর্কে এ ধরনের কথা বললে এ অঞ্চলের মানুষ উচিত শিক্ষা দেবে,” বলেন ওই জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ সেলিম।
তিনি বলেন, “গোপালগঞ্জ বঙ্গবন্ধুর জন্মস্থান হওয়ায় খালেদা জিয়া তা সহ্য করতে পারেন না। স্বাধীনতাবিরোধীদের টার্গেট গোপালগঞ্জ, পাকিস্তানিরাও তা সহ্য করতে পারেনি।”
খালেদার উদ্দেশে শেখ সেলিম আরো বলেন, “ভেবেচিন্তে কথা বলবেন। এমন কথা বললে তিনি রাজনৈতিক নেতা হতে পারেন না। আবার যদি এ ধরনের চেষ্টা করেন তবে ট্রেনে করে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হবে।”
