২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারে বশীভূত ইসি: রিজভী

উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার ক্ষেত্রে বর্তমান নির্বাচন কমিশনকে প্রধান বাধা মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 03:08 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

সোমবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “আগামী ১৫ মার্চ উপজেলা পরিষদের তৃতীয় দফা নির্বাচন হবে। গত দুইটি নির্বাচনেও তারা ভোট কেন্দ্র দখল ও ব্যালট পেপারে সিল মারার মহোৎসব করেও জনগণের ভোট নিজেদের পক্ষে আনতে পারেনি। আগামীতেও তারা একই কাজ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।”

“নির্বাচন কমিশন নির্বাহী বিভাগের দ্বারা সম্পূর্ণভাবে বশীভূত। এরাই উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার ক্ষেত্রে মস্তবড় বাধা।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়।

এ সময় তিনি উপজেলা পরিষদের নির্বাচনে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জ, ভোলা সদর, মনপুরা, নেত্রকোনা সদর, লক্ষ্মীপুর সদর, ফেনীর ফুলগাজী, ময়মনসিংহের মুক্তাগাছা, চাপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় ক্ষমতাসীন দলের সমর্থিত প্রার্থীদের পক্ষে স্থানীয় প্রশাসনের সম্পৃক্ততা, বিএনপি সমর্থিত প্রার্থীদের হয়রানি, নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশিসহ মামলা-গ্রেপ্তারের কথা তুলে ধরেন।

সংবাদ ব্রিফিংয়ে শীর্ষ নেতাদের জামিন বাতিলের আবেদনের নিন্দা জানান বিএনপির এই নেতা।

তিনি বলেন, নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করার জন্য নানাবিধ মিথ্যাচারের বৃত্ত রচনা করা হয়েছে। সে বৃত্ত যাতে নেতা-কর্মীরা অতিক্রম করতে না পারে সেজন্য রাষ্ট্রযন্ত্রকে নিষ্ঠুরভাবে সরকার ব্যবহার করছে।” এরই অংশ হিসেবে নাকশকতার অভিযোগে ‘মিথ্যা মামলায়’ দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পাচ নেতার জামিন বাতিল করার আবেদন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রোববার নাশকতার মামলায় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫ নেতার জামিন বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বাকি চারজন হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ঢাকা মহানগরের সদস্য সচিব আব্দুস সালাম ও ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক নাসির।