২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবাজদের পরিচয় প্রকাশ করা হবে: রেলমন্ত্রী

রেলের কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 06:53 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বৃহস্পতিবার রেলভবনে বর্তমান সরকারের রেলওয়ের উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত এক সভায় মন্ত্রী এ হুঁশিয়ারি দেয়ার পাশাপাশি, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে বলে সতর্ক করে দেন।

“ব্যাপক উন্নয়নের মাধ্যমে রেলকে একটি আধুনিক, জনপ্রিয় এবং নিরাপদ যানবাহন হিসেবে তুলে ধরাই বর্তমান সরকারের মূল লক্ষ্য”, বলেন রেলমন্ত্রী।

সভায় রেলের উন্নয়নে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

স্বল্প মেয়াদী পরিকল্পনার মধ্যে আলোচনায় আসে রেলের শূন্য পদে জনবল নিয়োগের বিষয়টি।

এছাড়াও যাত্রীদের নিরাপত্তা বাড়ানো, বন্ধ স্টেশনগুলো চালু এবং প্রতিটি স্টেশন ও ট্রেনে পরিছন্নতা নিশ্চিত করা নিয়েও আলোচনা হয়।

স্বল্পমেয়াদী পরিকল্পনার আওতায় পুরানো আড়াই হাজার চেয়ার কোচের আসন পরিবর্তন, দুর্ঘটনা রোধে লুপ লাইনগুলো যথাযথভাবে সংস্কার এবং রেলওয়ের মহাপরিকল্পনা হালনাগাদ করার বিষয়েও আলোচনা হয় সভায়।

মধ্য মেয়াদী পরিকল্পনার আওতায় ঢাকা-চট্টগ্রাম সেকশনে ডাবল লাইন নির্মাণ প্রকল্পগুলো দ্রুত শেষ করা, ওয়ার্কসপগুলোর উন্নয়ন, এডিবির অর্থায়নের রেলওয়ের সংস্কার প্রকল্পের কাজ সম্পন্ন করা এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনার আওতায় ভারতীয় ঋণে কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন, সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় ৭০টি লোকোমোটিভ সংগ্রহ, বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে পৃথক রেলসেতু নির্মাণ নিয়ে আলোচনা হয়।

সভায় মন্ত্রণালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ, রেলের মহাপরিচালক তোফাজ্জল হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।