২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার রাজবাড়ী যাচ্ছেন খালেদা

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর রাজধানীর বাইরে প্রথম জনসভায় যোগ দিতে শনিবার রাজবাড়ীতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 06:56 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, রাজবাড়ীর শহীদ মুক্তিযোদ্ধা আবদুল আজিজ খুশি রেলওয়ে মাঠে শনিবার বিকাল ৩টায় এই জনসভা হবে।

বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পর গত ২০ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম জনসভায় বক্তব্য দেন বিএনপি প্রধান।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

মারুফ কামাল খান জানান, শনিবার বেলা ১১টায় গুলশানের বাসা থেকে সড়কপথে রাজবাড়ীর উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা জিয়া। দুপুরে রাজবাড়ী সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে বিকালে স্থানীয় ১৯ দলীয় জোটের জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

রাজবাড়ী যাওয়ার পথে খালেদা জিয়া মানিকগঞ্জে দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করবেন বলে জানান তার প্রেস সচিব।

সন্ধ্যায় তার ঢাকা ফেরার কথা রয়েছে।

এদিকে জনসভা সফল করতে জেলা বিএনপির পক্ষ থেকে সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে দলের নেতারা জানিয়েছেন।

রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “নেত্রীর বক্তব্য শুনতে রাজবাড়ীসহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে নেতাকর্মীরা আসবেন।

“২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের পর নেত্রী এই প্রথম রাজবাড়ী আসছেন।  আশা করছি, জনসভা জনসমুদ্রে পরিণত হবে।”