২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিকেও আর্সেনিকমুক্ত করতে হবে: কাদের

পানির পাশাপাশি রাজনীতিকেও ‘দুর্নীতি ও সন্ত্রাসের আর্সেনিক’ থেকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 06:17 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

তিনি বলেছেন, “রাজনীতিকে আর্সেনিকমুক্ত করতে হবে। বর্তমান রাজনীতিতে আর্সেনিকের অনুপ্রবেশ ঘটেছে। দুর্নীতি, সন্ত্রাস ও অপকর্মই রাজনীতির আর্সেনিক।”

শুক্রবার সকালে লক্ষ্মীপুরে নবনির্মিত উচ্চ জলধার ও পানি শোধানাগার উদ্বোধনের সময় একথা বলেন তিনি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ক্ষমতার পরিবর্তনে নির্বাচনের বিকল্প নেই- এ সত্য বিএনপি দেরিতে হলেও বুঝতে পেরে উপজেলায় অংশগ্রহণ করছে। বিএনপির মত একটি রাজনৈতিক দলের অনুপস্থিতি সরকারের জন্য স্বস্তিদায়ক নয়।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

তিনি বলেন, গাছ ও রাস্তা কেটে, সহিংসতার মাধ্যেমে সরকার পরিবর্তন করা যায় না। সরকার পরিবর্তন করতে চাইলে জনগণের ভোটের প্রয়োজন।

“বর্তমান সংসদে বিএনপির মতো একটি বড় দলের প্রতিনিধিত্ব না থাকায় সরকার বিব্রত বোধ করছে। দশম জাতীয় সংসদে বিএনপি অংশ না নিয়ে ভুল করেছে।”

তিনি বলেন, “বাস্তবতার বাধ্যবাধকতায় সরকারকে নির্বাচন করতে হয়েছে। নির্বাচিত সরকার পূর্ণ মেয়াদের জন্যই গঠিত।”

সরকার ও এডিবির অর্থায়নে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর পৌরসভায় একলাখ ৮৬ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন এই শোধনাগার ও জলাধার স্থাপন করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নের ফলে শহরে প্রায় দুহাজার আবাসিক সংযোগের মাধ্যমে প্রায় দশ হাজার শহরবাসী মানুষ বিশুদ্ধ সুপেয় পানি পানের সুযোগ পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র এম এ তাহেরের সভাপত্বিতে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহাজান কামাল, এম এ নোমান, আবদুল্লা আল মামুন, এম এ আওয়াল ও জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন।

এরপর মন্ত্রী লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন।