ছাত্রদল পুনর্গঠন দায়িত্বে সাংবাদিক গাজীও
শীর্ষ নেতৃত্বের তোপের মুখে থাকা বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলে সংস্কার আনতে যাদের দায়িত্ব দেয়া হয়েছে, তাদের মধ্যে জামায়াতপন্থী সাংবাদিক রুহুল আমিন গাজীকে নিয়ে আপত্তি রয়েছে ছাত্র সংগঠনটির একটি অংশের।
রুহুল আমিন গাজী জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক। গত কয়েকদিনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর বিভিন্ন হল শাখা ছাত্রদলের কিছু নেতাকর্মীকে নিয়ে কয়েক দফা বৈঠক করেছেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে সরকারবিরোধী আন্দোলনে ভূমিকা রাখতে ‘ব্যর্থ’ হওয়ার পর সোমবার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন।
এরপর তিনি কয়েকজনের হাতে ছাত্রদলের সংস্কারের দায়িত্ব দেন, যাদের মধ্যে বিএনপি-জামায়াতপন্থী বেশ কয়েকজন শিক্ষক-সাংবাদিক নেতার নাম আলোচনায় আসে।
ছাত্রদলের একাধিক নেতা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার, মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক মোরসেদ হাসান খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, সেক্রেটারি শওকত মাহমুদ এই পরিবর্তনে কাজ করছেন।
অবশ্য ছাত্রদলের একটি অংশ এই পরিবর্তনকে সন্দেহের চোখে দেখছে।
যোগযোগ করা হলে রুহুল আমিন গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কে কোন অবস্থায় আছে, আমরা জাস্ট সেই খোঁজ খবর নিচ্ছি। তবে ম্যাডামই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”
আফম ইউসুফ হায়দার বলেন, “আমি তো ছাত্রদলের কেউ না। আমি কথা বলব না। তুমি ছাত্রদল নেতাদের সঙ্গে কথা বল।”
এ বিষয়ে কথা বলার জন্য কয়েকবার চেষ্টা করেও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে টেলিফোনে পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন ধ্বংসাত্মক কাজ করে সরকারের ব্যাপক তোপের মুখে থাকা ইসলামী ছাত্র শিবিরের প্রচুর ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। সাম্প্রতিক সময়ে হঠাৎ এরা সক্রিয় হয়ে গেছে। এদের অনেকে নানাভাবে ছাত্রদলে পদ পদবি পেতে নানা জায়গায় তদবির করছে।
“আমরা এদের অনেককে রাজনীতিতে দেখিনি। এই অবস্থায় জামায়াতসংশ্লিষ্ট কেউ ছাত্রদলের দায়িত্ব পেলে এদেরকেই পুনর্বাসন করা হবে বলে আমরা আশঙ্কা করছি।”
ছাত্রদলের কমিটি পরিবর্তনে নেপথ্যে কেউ কাজ করছে কিনা- এমন প্রশ্নে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিদুল হাসান হিরু উল্টো প্রতিবেদকের কাছেই ‘খবর’ জানতে চান।
তিনি প্রশ্ন করেন, “কে দায়িত্ব পেয়েছেন, রাজনৈতিক লোকজন না কি শিক্ষকরা?”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অনেকের ধারণা, শিক্ষকরা এই পরিবর্তনের জন্য বলেছেন। তবে আমি এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলতে পারব না।”
তিনি বলেন, “ম্যাডাম পরিবর্তন আনতে চাইছেন। ভাল যদি হয়, তাহলে ভাল।”
ছাত্রদলে বর্তমানে কেন্দ্রীয় কমিটিতে আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সভাপতি ও হাবিবুর রশিদ হাবিব সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন। জ্যেষ্ঠ সহ-সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদসহ শীর্ষ এই তিন নেতাই বর্তমানে কারাগারে।
২০১২ সালের ৩ সেপ্টেম্বর রাতে কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ‘সুপার ফাইভ’ (পাঁচ জন করে) কমিটি ঘোষণা করা হয়। পরের বছর ১৫ এপ্রিল ঘোষণা করা হয় ২৯১ সদস্যের কেন্দ্রীয় কমিটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি এখনো ঘোষণা করা হয়নি। সর্বশেষ ২০০৪ ও ২০০৫ সালে হল কমিটি হয়েছে।
এর আগে কমিটি হয়েছিল ২০০৯ সালের ১ জুলাই। তাতে সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পান সুলতান সালাউদ্দিন টুকু ও আমিরুল ইসলাম খান আলীম। এর পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
পরে ২০১০ সালের ১ জানুয়ারি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন খালেদা জিয়া।
