২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপি ভোটে আসায় সরকারের মাথা গরম’

বিএনপি ও শরিকরা উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় সরকারের মাথা ‘গরম হয়ে’ গেছে বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 03:14 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

ক্ষমতাসীন দলের মন্ত্রী-সাংসদরা উপজেলা নির্বাচনে ‘প্রকাশ্যে’ আচরণবিধি লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

শুক্রবার সকালে এক আলোচনা সভায় গয়েশ্বর বলেন, “৫ জানুয়ারি নির্বাচনে যারা ভোট দিতে যায়নি, তারা উপজেলা নির্বাচনে ভোট দিতে পারবে কি-না, তা নিয়ে সংশয় আছে। কারণ যখনই বিএনপি এই নির্বাচনে অংশ নেয়ায় সিদ্ধান্ত নিয়েছে, তখনই সরকারের মাথায় উত্তাপ বেড়ে গেছে।”

জাতীয় প্রেসক্লাবে ‘গণহত্যা, গণগুম, গণগ্রেপ্তার, গণমামলা ও উপজেলা নির্বাচন’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বিএনপিপন্থি সংগঠন ‘স্বদেশ জাগরণ পরিষদ’।

গয়েশ্বর বলেন, “এখন এলাকায় এলাকায় ক্ষমতাসীনদের ক্ষমতার মহোৎসব চলছে। নিজেদের প্রার্থীকে জিতিয়ে আনতে মন্ত্রী-এমপিরা এলাকায় গিয়ে প্রকাশ্যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে।”

অন্যদিকে উপজেলা নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটসমর্থিত সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দিয়ে’ হয়রানি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

এই বিএনপি নেতা বলেন, “সরকারের মন্ত্রীরা পতাকাবাহী গাড়ি নিয়ে নিজ এলাকায় গিয়ে প্রচার চালাচ্ছেন। মন্ত্রী-এমপিরা বলছেন, তাদের প্রার্থী বিজয়ী না হলে এলাকার উন্নয়ন হবে না। তারা হুমকি দিচ্ছেন- ভোটের দিন বিএনপির প্রার্থীদের নির্বাচনী এজেন্ট যাতে কেন্দ্রে থাকতে না পারে।”

স্বদেশ জাগরণ পরিষদের সভাপতি কামরুজ্জমান সেলিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবেক সাংসদ হেলেন জেরিন খান অনুষ্ঠানে বক্তব্য দেন।

এবার উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে ছয় ধাপে। ৪৮৭ উপজেলার মধ্যে প্রথম দফায় ১৯ ফেব্রুয়ারি ৯৮ উপজেলায়, দ্বিতীয় দফায় ২৭ ফেব্রুয়ারি ১১৭ উপজেলায়, তৃতীয় দফায় ১৫ মার্চ ৮৩ উপজেলায় এবং চতুর্থ ধাপে ৯২ উপজেলায় ২৩ মার্চ ভোটের তারিখ রাখা হয়েছে।

জাতীয় নির্বাচনের আগে গত স্থানীয় সরকারের অধিকাংশ নির্বাচনে জয় পায় বিএনপি সমর্থিত প্রার্থীরা। তবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শেষ পর্যন্ত তারা জাতীয় নির্বাচন বয়কট করে। ফলে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে এবং প্রায় দুই যুগ পর বিএনপিকে ছাড়াই যাত্রা শুরু করে দশম সংসদ।

এদিকে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া কল্যাণ পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, জমির উদ্দিন সরকার ও যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এ আলোচনা সভায় বক্তব্য দেন।