রাজনীতি থেকে বিএনপির ‘উৎখাত’ চান না হাসান মাহমুদ
গণতন্ত্রকে দৃঢ়ভিত্তি দিতে রাজনীতি থেকে গত সংসদের প্রধান বিরোধী দল বিএনপির ‘উৎখাত’ হওয়া চান না আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টি নেতা কাজী ফিরোজ রশীদকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বর্তমান সরকারকে উৎখাত না করা পর্যন্ত রাজপথে থাকার কথা বলেন।
তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, “তারা তিন বছর আগেও সরকার উৎখাত করার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা দিয়ে নিজেরাই সংসদ ও রাজপথ থেকে উৎখাত হয়ে গেছেন।
“এখন আবার তারা উৎখাতের ঘোষণা দিচ্ছেন। আমরা এ দেশের গণতন্ত্রকে একটি শক্তিশালী ভিত্তি দিতে চাই। এ কারণে আমরা চাই না, সরকারকে উৎখাতের ঘোষণা দিয়ে তারা নিজেরাই রাজনীতি থেকে উৎখাত হয়ে যান।”
তিনি বলেন, “সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আন্দোলনে নামতে খালেদা জিয়া সময় চেয়েছেন। বলেছেন, দল গুছিয়ে তিনি আন্দোলনে নামবেন। আমরা তাকে ৫ বছর সময় দিলাম। এ সময়ে যাদেরকে দল থেকে উৎখাত করতে চান করেন, অন্য যে সব কাজ করতে চান, করে নেন।”
আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, “বিএনপি সংসদে নাই, রাজপথেও নাই। তাই অন্তর্জ্বালায় তারা নানামুখী ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রে দেশের অনেকে জড়িত। বিদেশেরও অনেকে জড়িত থাকতে পারে। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।”
তিনি বলেন, “কয়েকদিন আগে খালেদা জিয়া সংবাদ সম্মেলনে তার দলের নিহতদের একটি তালিকা দিয়েছেন, যা পত্রপত্রিকায় এসেছে। তার সেই তথ্য ডাহা মিথ্যা। সেখানে তিনি বলেছেন, চট্টগ্রামে ১৫ জন নিহত হয়েছে।”
“আমি চট্টগ্রাম থেকে ফিরেছি, সেখানে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলেছি। তারা দু-একটির বেশি নামই বলতে পারেননি। অথচ খালেদা জিয়া এখানে বসে বসে সংখ্যা বানিয়ে দিচ্ছেন।”
‘ঠিকানা বাংলাদেশ’ নামে একটি সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে ঢাকা-৭ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম উপস্থিত ছিলেন।
