২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী ইন্ডিয়ান ট্রেনে: রিজভী

জনসভায় খালেদা জিয়াকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘নিম্নরুচির শিষ্টাচারবর্হিভুত’ আখ্যা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 08:17 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

রোববার বিকালে প্রধানমন্ত্রীর বক্তব্যেরে প্রতিক্রিয়া জানাতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী বাংলাদেশ রেলওয়ের কোনো ট্রেনে চড়তে পারেননি। ইন্ডিয়ান ট্রেনে তিনি চলেছেন।

“সেই ট্রেনের গার্ড, টিটি, স্পিকার সবাই ইন্ডিয়ান। তাদের সঙ্গে জনগণ নেই। তাই ভাড়া করা ওই ট্রেনে জাতীয়তাবাদী শক্তি চড়তে পারে না।”

৫ জানুয়ারির জাতীয় নির্বাচন বর্জনের পর উপজেলা নির্বাচনকে গুরুত্ব দেয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে শনিবার রাজশাহীর চারঘাটে এক জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “উনি (খালেদা জিয়া) গোলাপী শাড়ি পড়ে গোলাপী হয়ে থাকেন। গোলাপী এখন কই? জাতীয় নির্বাচনের ট্রেন মিস করে গোলাপী এখন উপজেলা নির্বাচনের ট্রেনে চড়ে বসেছে।”

এর জবাব দিতেই নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিং করেন রিজভী।

উপজেলা নির্বাচন থেকে সরিয়ে রাখতে বিএনপিসমর্থিত প্রার্থীদের মামলা দিয়ে ভয়ভীতি দেখানো ও হয়রানি করা হচ্ছে বলে ব্রিফিংয়ে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “সিরাজগঞ্জের প্রায় অধিকাংশ উপজেলায় বিএনপিসমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও দলের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে।

“উপজেলা নির্বাচনে প্রার্থী, দলের নির্বাহী কমিটির সদস্য ও ভালুকা থানা সভাপতি ফখরুদ্দিন বাচ্চুকে ৭ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছে। এরকম সারাদেশে বিরোধী দলের সমর্থিত সম্ভাব্য প্রার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে।”

বিরোধী দল সমর্থিত প্রার্থীরা যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে সেজন্য সারাদেশে যৌথবাহিনী অভিযানের নামে তাদের হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

“প্রতিদিন পত্রিকার পাতায় খবর বেরুচ্ছে- ক্রসফায়ারে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যার ঘটনা। গাইবান্ধায় সাখাওয়াত হোসেনকে না পেয়ে তার ছোট শিশুকে মেরে ফেলা হয়েছে। এ বিচার কার কাছে করব।”

এভাবে হত্যাযজ্ঞ চলতে থাকলে মানুষ কালো কাপড় চোখে বেঁধে বসে থাকবে না মন্তব্য করে রিজভী বলেন, “শিগগিরই এক ব্যাপক নাগরিক অভ্যুত্থানের জন্য জাতি প্রস্তুত হচ্ছে।

ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান ও সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি উপস্থিত ছিলেন।