‘ভুল’ থেকে শিক্ষা নিন, বিএনপিকে হাছান
নির্বাচনে অংশ না নেয়াকে ‘ভুল’ আখ্যা দিয়ে তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের কর্মপন্থা ঠিক করতে বিএনপির প্রতি পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেছেন, “অসম্পূর্ণ কথা না বলে, কেন ভুল করলেন, কার কথায় নির্বাচন বর্জন করলেন সেটা নিয়ে অনুসন্ধান করে ভবিষ্যতের কর্মপন্থা ঠিক করুন।”
শনিবার ধানমণ্ডিতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন সাবেক এই মন্ত্রী।
বিএনপি উপজেলা ও জেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, “সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের অধীনেই উপজেলা নির্বাচনে অংশে নেয়ার সিদ্ধান্তের জন্য তাদেরকে ধন্যবাদ।”
জাতীয় নির্বাচনকে আন্তঃনগর ট্রেন এবং উপজেলা নির্বাচনকে লোকাল ট্রেনের সঙ্গে তুলনা করেন তিনি।
সাবেক পরিবেশমন্ত্রী বলেন, “বিএনপি আর জামায়াতের সম্পর্ক পানি আর মাছের মতো। পানি ছাড়া যেমন মাছ চলতে পারে না, তেমন জামায়াত ছাড়া বিএনপি চলতে পারে না।”
নির্বাচনপরবর্তী সময়ে দেশের বিভিন্ন জেলায় যৌথবাহিনীর অভিযান নিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যেরও সমালোচনা করেন এই আওয়ামী লীগ।
“যিনি এবং যার দলের নেতারা আইএসআইয়ের কাছ থেকে মাসোহারা নেন তারাতো যৌথবাহিনী নিয়ে কটাক্ষ করবেনই, এটাই স্বাভাবিক। আইএসআইয়ের প্রেসক্রিপশানে তিনি কটাক্ষ করছেন।”
সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের সমাবেশে জামায়াতে ইসলামীর নেতাদের অনুপস্থিতি ‘কৌশল’ আখ্যা দেন তিনি।
“মঞ্চে জামায়াতের নেতারা না উঠলেও জামাত ও জঙ্গিসংগঠনের কর্মীরা সমাবেশে ছিলো। এটা যে কৌশল ছিলো সেটা গতকাল (শুক্রবার) মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন।”
শুক্রবার নীলফামারীতে এক মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জামায়াতে ইসলামী ১৮ দলীয় জোটে আছে, ভবিষ্যতেও থাকবে।”
