২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষক লীগ সহসভাপতি বাদশাকে বহিষ্কার

স্বতন্ত্র হিসেবে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেয়ায় কেন্দ্রীয় কৃষক লীগ সহ-সভাপতি বদিউজ্জামান বাদশাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 04:21 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক খোন্দকার মোহাম্মদ শামসুল হক রেজা এ বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা- নালিতাবাড়ী ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বাদশা।

শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কৃষকলীগের গঠনতন্ত্রের ২৪ (ঙ) ধারা অনুযায়ী দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি  মো. মোতাহার হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক খোন্দকার মোহাম্মদ শামসুল হক রেজা স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি বাদশাকে অবহিত করা হয়।

এতে এ সিদ্ধান্ত ৫ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথাও জানানো হয়।

এ ব্যাপারে বদিউজ্জামান বাদশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

৫ তারিখের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মতিয়া চৌধুরী পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৮১০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বদিউজ্জামান বাদশা পেয়েছেন ৩৫ হাজার ৯৮৬ ভোট। এ আসনে ভোট পড়ে শতকরা ৫৭ ভাগ।