২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বৈধতা পাবে না: বিএনপি

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন যে সরকার গঠিত হতে চলেছে তা দেশে-বিদেশে কোথাও বৈধ সরকার হিসেবে বিবেচিত হবে না বলে দাবি করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 08:51 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাতে এক বিবৃতিতে বলেন,  “১২ জানুয়ারি যে সরকার গঠিত হবে তা হবে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্বহীন স্বৈরাচারী একনায়কতন্ত্রের একটি সরকার। এই সরকার কোনো দিক থেকেই বৈধ সরকার হিসেবে দেশে-বিদেশে বিবেচিত হবে না।

“নৈতিক ও সাংবিধানিক বৈধতা কোনো মহল থেকেই তারা পাবে না।”

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট হয়, যাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার শপথ নেবেন নতুন সরকারের মন্ত্রীরা।

বিবৃতিতে নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে পুনরায় নির্বাচনের দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল।

আগের দিন সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে বিরোধী দলের প্রতি হুমকি ও  হুঁশিয়ারি থেকে বুঝা যায়, তার মধ্যে গণতান্ত্রিক আচরণের লেশ মাত্র অবশিষ্ট নেই। সমঝোতা, সহনশীলতার পথ তিনি চেনেন না।

“কলংকিত, লজ্জাকর, ধিকৃত প্রহসনের নির্বাচন নিয়ে মিথ্যাচার করে প্রধানমন্ত্রী এখনো অহঙ্কার ও দাম্ভিকতা দিয়ে সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করতে চান।”

ফখরুল বলেন, “কূটকৌশল, ছলচাতুরী, রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে সাময়িকভাবে ক্ষমতায় টিকে থাকা যেতে পারে, চিরস্থায়ীভাবে হবে না।গণতন্ত্রকে হত্যা করে কোনো স্বৈরাচারী একনায়কই জনগণের সমর্থন লাভ করতে সক্ষম হয়নি- আওয়ামী লীগও সক্ষম হবে না।”

নির্বাচনকে ‘ভোটারবিহীন’ ও ‘একতরফা’ বলে অভিহিত করেন মির্জা ফখরুল।

এই নির্বাচন দেশ-বিদেশে কোনো গ্রহণযোগ্যতা পায়নি বলেও দাবি করেন তিনি।

ফখরুল বলেন,  “একজন ব্যক্তির একগুয়ে স্বৈরাচারী আচরণের কাছে  গোটা দেশ জিম্মি হয়ে গেছে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে শুধুমাত্র প্রধানমন্ত্রীর ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ১৯৭৫ সালে সংসদকে ব্যবহার করে এভাবেই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করার অপচেষ্টা করেছিলো এই দলটি।

“৩৯ বৎসর পরে আবার ভিন্ন লেবাসে সেই একদলীয় শাসন ব্যবস্থাই তারা চাপিয়ে দিতে চেষ্টা চালাচ্ছে। উদ্ভট, অভিনব, হাস্যকর কায়দায় জাতীয় পার্টিকে কখনও বিরোধীদল কখনও সরকারের অংশীদার হিসাবে দেখিয়ে বাংলাদেশের জনগণকে প্রতারণা করছে। আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”

নির্বাচন পরবর্তী সহিংসতার জন্য সরকারকে দায়ী করেন ফখরুল।

নির্বাচনকে ‘তামাশা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, এর থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে সরকার পরিকল্পিতভাবে সহিংসতার দোষ বিরোধী দলের ওপর চাপাচ্ছে।

আওয়ামী লীগের নেতাকর্মীরাই বিরোধী দল ও হিন্দুদের বাড়ি-ঘর ভাংচুর ও আক্রমণ করছে বলে দাবি করেন তিনি।

বিএনপি ও তার জোটসঙ্গীদের ৫০ হাজার নেতা-কর্মী কারাগারে বন্দি রয়েছেন বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর মধ্য দিয়ে রাষ্ট্রপতি, স্পিকার ও নির্বাচন কমিশন সংবিধান লংঘন করেছেন বলেও অভিযোগ করেন তিনি।