সংলাপের তাগিদ দিয়ে হাসিনা-খালেদাকে যুক্তরাষ্ট্রের সিনেটরের চিঠি
সংলাপে বসে নিজেদের মতপার্থক্য ঘোচানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্র সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনডেজ।
বিএনপিবিহীন নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আওয়ামী লীগের সরকার গঠনের উদ্যোগের মধ্যে ভোট বাতিলের দাবিতে বিএনপি আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এর মধ্যেই দুই পক্ষকে চিঠি দিয়ে সমঝোতার আহ্বান জানালেন যুক্তরাষ্ট্রের সিনেটর।
ভোটের তিন দিন পর ৮ জানুয়ারি পাঠানো ডেমক্রেট নেতা মেনেনডেজের পাঠানো অভিন্ন ভাষায় লেখা ওই চিঠি দুটিতে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচনের পথ তৈরি করতে দুই নেত্রীর প্রতি আহ্বান জানানো হয়।
নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতে উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটর বলেন, চলমান পরিস্থিতি বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার জন্য যেমন ইতিবাচক নয়, তেমনি অর্থনীতিতে গতিশীল রাখতেও সুখকর নয়। এই জন্য রাজনৈতিক নেতৃত্বের সমঝোতা প্রয়োজন।
“বাংলাদেশের জনগণের একটি স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়া পাওয়া উচিত, যাতে তারা স্বাধীনভাবে তাদের ভবিষ্যৎ নেতা নির্ধারণ করতে পারে।”
নির্বাচনের দিন এবং তার আগের রাজনৈতিক সংঘাতে প্রাণহানির নিন্দা জানিয়ে মেনেনডেজ বলেন, রাজনৈতিক মত প্রকাশের নামে সহিংসতা কোনো বিচারেই গ্রহণযোগ্য নয়। রাজপথের সংঘাত থামিয়ে রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণভাবে তাদের মত প্রকাশ করা উচিত।
বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে তিনি বলেন, চলমান রাজনৈতিক সঙ্কট অব্যাহত থাকলে তা অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলবে এবং তাতে বাংলাদেশের ওপর বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হবে।
“তাই পরিস্থিতির অবনতি ঠেকাতে সবার অংশগ্রহণে স্বচ্ছ ও গ্রহণযোগ্য একটি নতুন নির্বাচনের জন্য আমি আপনাদের সংলাপ শুরুর আহ্বান জানাই।”
বাংলাদেশের তৈরি পোশাক খাতে কর্মপরিবেশ উন্নয়নের ওপরও জোর দেন যুক্তরাষ্ট্রের সিনেটে বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান।
