২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে জাপার অভ্যন্তরীণ কোন্দলে আহত ২০

রংপুরে জাতীয় পার্টির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 03:51 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে নগরীর পায়রা চত্বর এলাকায় দলের প্রেসিডিয়াম সদস্য ও সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মসিউর রহমান রাঙ্গা এবং নব গঠিত কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

কোতয়ালি থানার ওসি সৈয়দ সাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের দিন বিকেলে দলীয় কার্যালয়ের সামনে কে বা কারা দুটি হাতবোমা নিক্ষেপ করে। এ ঘটনায় জেলা জাতীয় পার্টির বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম বাদি হয়ে মোস্তফা ও মহানগর কমিটির সদস্য সচিব এস এম ইয়াসিরসহ ৫০ জনে নামে মামলা করেন।

এ ঘটনার জের ধরে মোস্তফার অনুসারীরা বেলা সাড়ে ১২টার দিকে নগরীতে একটি মিছিল বের করেন। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘুরে পায়রা চত্বরে এলে রাঙ্গা পক্ষও একটি মিছিল বের করে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদুনে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে বলে জানান ওসি।

মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, “দলীয় চেয়ারম্যান এরশাদের মুক্তি দাবিতে আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। রাঙ্গা পক্ষের নেতাকর্মীরা আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়।”

হামলায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হন বলে দাবি করেন তিনি।

অভিযোগ অস্বীকার করে মসিউর রহমান রাঙ্গা বলেন, “এরশাদের মুক্তি দাবিতে আমরা সমাবেশ ও মিছিল করার জন্য পায়রা চত্বরে সমবেত হচ্ছিলাম। এ সময় মোস্তফার নেতৃত্বে একটি মিছিল থেকে আমাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। আমাদের নেতাকর্মীরা আত্মরক্ষার্থে পাল্টা ধাওয়া করে।”

গত বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে র‌্যাবের পাহারায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর রোববার দলীয় প্যাডে এইচএম এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি নেতাদের নাম ঘোষণা করা হয়।

সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসাকে আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফাকে সদস্য সচিব করে জেলা এবং আব্দুর রউফ মানিককে আহ্বায়ক ও এস এম ইয়াসিরকে সদস্য সচিব করে মহানগর জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়।

হরতালের ডাক

সংঘর্ষের পরে নগরীর জাহাজ কোম্পানি মোড়ে এক সমাবেশ থেকে দলের চেয়ারম্যান এরশাদের মুক্তি দাবিতে বুধবার রংপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মসিউর রহমান রাঙ্গা।