নতুন ভিডিওবার্তায় আরো কঠোর কর্মসূচির হুমকি সালাহউদ্দিনের
অজ্ঞাত স্থান থেকে পাঠানো নতুন এক ভিডিওবার্তায় ছয় দিন অবরোধ কর্মসূচির পর আরো কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদ।
নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির দ্বিতীয় দফা অবরোধ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলবে। ওই সময়ের মধ্যে দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালনকারী সালাহউদ্দিন
“ওই সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নেয়ার ঘোষণা না দিলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব,” বুধবার পাঠানো এক ভিডিওবার্তায় বলেছেন তিনি।
রুহুল কবির রিজভী গ্রেপ্তার এবং মামলা মাথায় নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মামলা মাথায় নিয়ে অজ্ঞাত স্থানে চলে যাওয়ার পর সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন।
তবে সালাহউদ্দিন নিজেও অজ্ঞাত স্থানে রয়েছেন। গত শনিবার থেকে ভিডিও বার্তা ও টেলিফোন বার্তার মাধ্যমে কর্মসূচি জানিয়ে আসছেন তিনি।
ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনের পথে এগিয়ে গেলেও নির্দলীয় সরকারের দাবিতে অনড় রয়েছে। নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবিও জানিয়ে আসছে তারা।
সালাহউদ্দিন বলেন, “প্রধানমন্ত্রীকে বলছি, এখনো সময় আছে। একতরফা নির্বাচনের তফসিল স্থগিত করুন। দেশ ও জাতির স্বার্থে আত্মঘাতী পথ পরিহার করুন। নির্দলীয় সরকারের দাবি মেনে নিন।”
বিরোধী দলের অবরোধে সারাদেশে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। রেলপথে নাশকতার পাশাপাশি সড়কে গাড়ি পোড়ানো ও বোমাবাজি চলছে।
ফাইল ছবি
“এর ফলে প্রহসনের একতরফা নির্বাচন করার ক্ষমতা এই সরকারের অবশিষ্ট রইল না বলে আমরা মনে করি।”
সারাদেশে স্বতস্ফূর্তভাবে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে দাবি করে সরকারের বিরুদ্ধে বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালানোর অভিযোগও করেন সালাহউদ্দিন।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্যও নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
