২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনে সরকারের পতন ঘটানো হবে: বিএনপি

প্রধানমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 07:37 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

নির্দলীয় সরকারের দাবিতে অবরোধের মধ্যে নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থী হওয়ার সময় শেষ হওয়ার পর সোমবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন বিএনপির মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ।

অজ্ঞাত স্থান থেকে দলীয় প্যাডে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, “গৃহপালিত নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর হুকুম তামিলে ব্যস্ত। একদলীয় প্রহসনের নির্বাচনের সব আয়োজন সরকার সম্পন্ন করেছে। এর মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কফিনের শেষ পেরেকটা তারা ঠুকেছে।

“জনগণ এই অবৈধ সরকারের পদত্যাগ চায়। আমরা এখনো আশা করি, প্রধানমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করবেন, নির্দলীয় সরকারের দাবি মেনে নেবেন। অন্যথায় গণআন্দোলনের তীব্র স্রোতে এই স্বৈরশাসনের পতন হতে বাধ্য।”

এর আগে সকালে টেলিফোন ও ভিডিও বার্তায় সালাহউদ্দিন নির্দলীয় সরকারের দাবিতে  ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচি বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেন।

শনিবার ভোর ৬টায় শুরু হওয়া ১৮ দলের এ কর্মসূচি মঙ্গলবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা ছিল। ৫৯ ঘণ্টা মেয়াদ বাড়ায় তা এখন ১৩১ ঘণ্টার কর্মসূচিতে পরিণত হল।

অবরোধের প্রথম দিন শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে পুলিশ গ্রেপ্তার করার পর সালাহউদ্দিন অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা ও টেলিফোনে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করছেন এবং কর্মসূচি জানাচ্ছেন।

বিরোধী দলের আন্দোলনের মধ্যেই নির্বাচনের পথে এগোচ্ছে সরকার। সোমবার বিকালের মধ্যে নির্বাচনের মনোনয়নপত্র জমাও দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। 

সালাহউদ্দিন বলেন,“দেশব্যাপী আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা আজ গণরোষের শিকার হচ্ছেন। কেউ কেউ নির্বাচনী এলাকায় পুলিশ পাহারায় প্রবেশ করতেও ভয় পাচ্ছে। তারপরও প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করার দুঃস্বপ্ন দেখছে।”

তিনি জানান, অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র কর্মীদের গুলিতে সারাদেশে তিন জন নিহত, ১৬৪ জন গুলিবিদ্ধসহ ৫ শতাধিক আহত এবং ২৯১ জন গ্রেপ্তার হয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“সরকারের নিষ্ঠুর জুলুম-নির্যাতনের পরও অবরোধ কর্মসূচি স্বতঃস্ফূর্ত ও সাফল্যজনকভাবে পালিত হচ্ছে,” বলেন তিনি।

অবরোধে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যাকে গণহত্যা বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপি নেতা বলেন, “প্রধানমন্ত্রী গতকাল বিরোধীদলীয় নেতাকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছেন।

“আমরা বলতে চাই, শাপলা চত্বরে মধ্যরাতে বাতি নিভিয়ে দিয়ে গণহত্যার যে জঘন্য নজির স্থাপন হয়েছে, তা প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে হয়েছে। ওইটা সভ্য দুনিয়ার ইতিহাসে নজিরবিহীন ঘটনা।”

“গণহত্যার ইতিহাস আওয়ামী লীগেরই আছে। রক্ষী বাহিনী বর্বরোতম গণহত্যা, বাসে গানপাউডার দিয়ে শাহবাগে মানুষ পুড়িয়ে মারার ইতিহাস আওয়ামী লীগেরই। এদেশের মানুষ লগি-বৈঠার তাণ্ডবের কথা এখনো ভুলে যায়নি।”

সরকাবিরোধী চলমান আন্দোলন নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে ‘গণহত্যার’ কথা বলা হচ্ছে, দাবি করেন সালাহউদ্দিন। বাসে আগুন দিয়ে মানুষ হত্যার জন্য আওয়ামী লীগকেই দায়ী করেন তিনি।

বেসরকারি টেলিভিশন আরটিভির রিপোর্টার তানজিদ রনি এবং ক্যামেরাম্যান প্রশান্ত মোদককে রিমান্ডে নেয়ার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

পুরনো খবর:

অবরোধ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত