২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিজয়’ না হওয়া পর্যন্ত আন্দোলন: ফখরুল

সরকার সংলাপের ‘গুজব’ ছড়াচ্ছে দাবি করে নির্দলীয় সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2013, 06:41 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

অজ্ঞাত স্থান থেকে মঙ্গলবার পাঠানো এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এই আহ্বান জানান। অবরোধ আহ্বানের পর থেকে অপ্রকাশ্য এই নেতা বিবৃতি ও টেলিফোনের মাধ্যমে দলের বক্তব্য প্রচার করে আসছেন।

বিএনপির শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতাই অপ্রকাশ্য। যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদ অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তাও পাঠাচ্ছেন, নতুন কর্মসূচির ঘোষণা দিচ্ছেন তিনিই।

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও মঙ্গলবার অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে সাংবাদিকদের বার্তা পাঠিয়ে বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

‘সর্বদলীয়’ সরকার গঠন করে আওয়ামী লীগের নির্বাচনের দিকে এগোনের মধ্যে নির্দলীয় সরকারের দাবিতে টানা অবরোধ চালিয়ে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এই কর্মসূচিতে সংঘাত-সহিংসতায় মারা গেছেন অন্তত ৩৭ জন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপিকে নির্বাচনে আনতে আলোচনা চলছে বলে সরকারি দলের নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি পাঠান ফখরুল।

তিনি বলেন, “একতরফা নির্বাচনকে প্রতিহত করতে জনগণ যখন রাস্তায় নেমে দুর্বার আন্দোলন গড়ে তুলছে, তখন সরকার ও তার এজেন্টরা আন্দোলনকে বিপদগামী ও বিভ্রান্ত করার জন্য নানা অপপ্রচার চালাচ্ছে। সরকারের মন্ত্রীদের কেউ কেউ বলছেন, পর্দার অন্তরালে সংলাপ চলছে।

“আমি স্পষ্টভাষায় জানিয়ে দিতে চাই, এই অনৈতিক বেআইনি সরকার কোনো সমঝোতা চায় না। সমঝোতার ব্যাপারে তাদের কোনো আন্তরিকতা নেই। জনগণকে বিভ্রান্ত করার জন্যই তারা এই তথাকথিত সংলাপে কথা বলছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।”

দলের প্যাডে নিজের স্বাক্ষর করা এই বিবৃতিতে ফখরুল আরো বলেন, “সরকারের এজেন্টরা মিডিয়া ও স্যোশাল  মিডিয়ায় ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে। সরকার প্রতি মুহূর্তে দুর্বল হচ্ছে বলেই তাদের এজেন্টরা এসব বানোয়াট গুজবের আশ্রয় নিচ্ছে।”

নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির অনড় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “আমি দৃঢ়তার সঙ্গে বলছি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ১৮ দলীয় জোট জনগণের গণতান্ত্রিক ও ভোটের অধিকার রক্ষার এই সংগ্রামে বিএনপির প্রতিটি নেতা-কর্মী বিজয় না হওয়া পর্যন্ত  থাকতে অঙ্গীকারাবদ্ধ।”

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়পত্র জমা দেয়ার সময় ফুরিয়ে যাওয়ার একদিন পর পাঠানো এই বিবৃতিতে ফখরুল বলেন, “তথাকথিত প্রহসনের নির্বাচনে বেশিরভাগ রাজনৈতিক দল অংশ না নেয়নি। প্রমাণিত হলো, দেশের অধিকাংশ মানুষ এই প্রহসনের নির্বাচন মেনে নেবে না।”

চলমান সঙ্কট নিরসনে তফসিল স্থগিত করে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

টেলিফোনে পাঠানো বার্তায় নজরুল ইসলাম খানও বলেন, “নির্বাচনকালীননির্দলীয় সরকার হতে হবে। অন্যথায় জনগণের আন্দোলন থামবে না।”

প্রধানমন্ত্রীকে ‘একগুয়েমী’ ছেড়ে সমঝোতার পথে আসার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

“দেশের ৯০ ভাগ মানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। দেশের সুশীল সমাজ, আন্তর্জাতিক সম্প্রদায় সব দলের অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে তাদের মতামত বার বার বলে যাচ্ছেন। কিন্তু সরকার কোনো কিছুই গ্রাহ্য করছে না।”

দেশব্যাপী অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে পালিত হচ্ছে দাবি করে নজরুল বলেন, “জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণে ঢাকা কার্যত অবরুদ্ধ হয়ে গেছে। বিরোধী দলের আন্দোলন নিয়ে সরকারের মিথ্যা প্রচারণা যতই চলুক না কেন, এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।”

পুরনো খবর:

বিএনপির দুই কেন্দ্র, লন্ডন আর বাংলাদেশ: আশরাফ
অগণতান্ত্রিক এই পরিস্থিতিতে নির্বাচনের প্রশ্নই ওঠে না: ফখরুল