সমঝোতার মাধ্যমে তফসিল চায় বিএনপি
সমঝোতার মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
শুক্রবার বাদ জুমা নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নির্বাচন কমিশনকে আবারো অনুরোধ জানাব, এখনো সময়ে আছে একতরফা নির্বাচনের তফসিল স্থগিত করুন। সমঝোতার মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করুন।”
একই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতিও দাবি জানান তিনি।
গত ২৫ নভেম্বর অবরোধ কর্মসূচি ঘোষণার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রথম জনসমক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জানাজার পর তিনি নয়া পল্টনে থেকে নেতাদের নিয়ে চলে যান।
২৬ নভেম্বর থেকে টানা ৭১ ঘণ্টার রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধ কর্মসূচিতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বিএনপির ১০ জনসহ ২১ জন নিহত হয়। তাদের স্মরণে গায়েবানা জানাজা করা হয়।
এতে অন্যদের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটল, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকাদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, জ্যেষ্ঠ নেতা হাবিবুর রহমান হাবিব, মুস্তাফিজুর রহমান বাবুল, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, এম এ মালেক, রফিক শিকদারসহ কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
১৮ দলীয় জোট নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, পিপলস লীগের মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়া প্রমুখ অংশ নেন।
জানাজার পর নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় কার্যালয়ের বারান্দায় থেকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদসহ অফিস কর্মীরা মোনাজাতে অংশ নেন।
জানাজার সময় দলের কার্যালযের প্রধান ফটক ভেতর থেকে তালা লাগানো ছিল।
