এরশাদকে ‘বহিষ্কার’ করলেন কাজী জাফর
দলের গঠনতন্ত্র ‘সুস্পষ্টভাবে লঙ্ঘনের দায়ে’ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে দল থেকে বহিষ্কার করার দাবি করেছেন জ্যেষ্ঠ নেতা কাজী জাফর আহমেদ।
কাজী জাফরকে এরশাদের বহিষ্কার ঘোষণার কয়েক ঘণ্টা পরেই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।
এতে বলা হয়, প্রেসিডিয়ামের ক্ষমতাকে লঙ্ঘন করে একক সিদ্ধান্তে এরশাদ তথাকথিত সর্বদলীয় সরকারে যোগ দিয়েছেন।
‘এরশাদের লজ্জাজনক আচরণ দলের ঐক্য ও সংহতিকে বিনষ্ট করেছে’ দাবি করে বিবৃতিতে বলা হয়, “বিএনপির সঙ্গে এক বছর ধরে আসন ভাগাভাগির সংলাপ করে দলটির কাছে দুইবার প্রার্থী তালিকা পাঠিয়েছেন।”
এর পরেও ‘সর্বদলীয় সরকারে’ এরশাদের যোগ দেয়া প্রসঙ্গ টেনে বলা হয়, “রাজনীতিতে এ ধরনের লজ্জাজনক ঘটনার কোনো নজির আছে বলে আমার জানা নেই।”
এরশাদ ক্ষমতার অপব্যবহার করে দলের যেসব নেতাদের বহিষ্কার করেছেন তাদের তালিকাও বিবৃতিতে তুলে ধরেন কাজী জাফর।
