২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাংচুরের জন্য ফখরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: হাছান

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়ি ভাংচুরের দায় স্বীকার করেছেন মন্তব্য করে বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, প্রয়োজনে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 08:59 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

শনিবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বিএনপির কয়েকজন নেতাকে সুনির্দিষ্ট অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মির্জা ফখরুলের বিরুদ্ধেও সুনির্দিষ্ট অভিযোগে মামলা আছে।

“তিনি গাড়ি ভাংচুরের দায়িত্ব স্বীকার করেছেন। প্রয়োজনে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।”

গত বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় ছাত্রদল নেতাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, “দুয়েকটা গাড়ি ভাঙলে আন্দোলন হবে না। ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীকে রাস্তায় নেমে আসতে হবে।”

ফখরুলের ওই বক্তব্য উদ্ধৃত করে হাছান মাহমুদ বলেন, “এতে দুটি বিষয় পরিস্কার। এতোদিন আন্দোলনের নামে হরতাল ডেকে যে গাড়ি ভাংচুর, পোড়ানো ও মানুষ হত্যা করা হয়েছে তার দায় তিনি স্বীকার করে নিয়েছেন।

“দ্বিতীয়ত, জনগণ তো দূরের কথা আন্দোলনে তারা দলীয় নেতাকর্মীদেরও সম্পৃক্ত করতে পারেননি।”

হাছান মাহমুদ বলেন, বিরোধী দল সারা দেশে কিছু চিহ্নিত সন্ত্রাসী লেলিয়ে দিয়ে এক হাজার গাড়ি পুড়িয়েছে, কয়েক হাজার গাড়ি ভাংচুর করেছে। তারা ১৩ জন পুলিশ, একজন সেনা সদস্য এবং কয়েক জন বিজিবি সদস্যকে হত্যা করেছে।

“এটা মধ্যযুগীয় বর্বরতা। মির্জা ফখরুল স্বীকার করে নিয়েছেন- এটা তারা করেছেন। তাহলে এসব তাদের নেত্রীর নির্দেশেই হয়েছে।”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তার বক্তব্যে আরো গাড়ি ভাংচুর ও পোড়াতে বলেছেন কি না সে প্রশ্ন তোলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।

এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, “রাজনীতি মানুষের কল্যাণের জন্য। কিন্তু ১৮ দলীয় জোট জনগণকে জিম্মি করে অপরাজনীতি করছে।”

ইউরোপীয় ইউনিয়ন আগামী নির্বাচনে সব দলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। তাই বিশ্ব জনমতের প্রতি সাড়া দিয়ে বিরোধী দলের নির্বাচনে অংশ নেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী দলের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, এখনো সর্বদলীয় সরকারে যোগ দেয়ার সুযোগ আছে। সর্বদলীয় সরকারে এলে বিএনপিকে জাতীয় পার্টির চেয়ে বেশি আসন দেয়া হবে।

শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপির জন্য অপেক্ষা করা হবে বলেও জানান ক্ষমতাসীন দলের এই নেতা।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী সরাসরি বিরোধী দলের মহাসচিবকে সাক্ষাতে বলেছেন। তাদেরই উচিত স্ব উদ্যোগে আলোচনায় আসা।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, নগর আওযামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির, উত্তর জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ উপস্থিত ছিলেন।