২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৬ হাজার বর্গমাইল জ্বালিয়ে দেয়ার হুমকি জামায়াতের

যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির আদেশ পাওয়া জামায়াত নেতা কাদের মোল্লার রায় নিয়ে ‘নাড়াচাড়া করলে’ ৫৬ হাজার বর্গমাইল জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়েছেন একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দলটির এক নেতা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 07:41 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

পুরনো খবর:

স্বাধীনতার উদ্যানে যুদ্ধাপরাধীদের মুক্তি দাবি
শিবিরনেতার বক্তব্যে সমাবেশ শুরু

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর শাখার সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমরা হুঁশিয়ার করতে চাই, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার রায় নিয়ে যদি নাড়াচড়া করা হয়, তা হলে ৫৬ হাজার বর্গমাইলে আগুন জ্বলবে।”

জামায়াত আমির মতিউর রহমান নিজামীকে যদি এক মিনিটও সাজা দেয়া হয়, তাহলে বাংলাদেশ ‘কাঁপিয়ে দেয়া হবে’ বলেও হুমকি দেন তিনি।

বিচার কার্যক্রম শেষে নিজামীর যুদ্ধাপরাধ মামলা রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে কোনো দিন এ মামলার রায় ঘোষণা করা হতে পারে। 

আর কাদের মোল্লার মামলার চূড়ান্ত রায়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে তার ফাঁসির আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রায়ের পূর্ণাঙ্গ কপি পেলেই তার দণ্ড কার্যকর করা হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।   

জামায়াতের কর্ম পরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সমাবেশে বলেন, “আমাদের নেতা মতিউর রহমান নিজামীকে জেলে রেখে, মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির আদেশ দিয়ে ও ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসেনকে পঙ্গু করে এই সরকার একতরফা নির্বাচন করে পার পাবে না।”

বিরোধী দলের আন্দোলনকে ঘিরে চট্টগ্রামের সীতাকুণ্ডে সম্প্রতিক ভাংচুর-অগ্নিসংওযোগ নাশকতার প্রসঙ্গ টেনে এই জামায়াত নেতা বলেন, সীতাকুণ্ডের ঘটনা কেবল একটি ‘নমুনা’।

“একতরফা নির্বাচন হলে সারাদেশ সীতাকুণ্ড হয়ে যাবে। শেখ হাসিনার অবৈধ সরকারের গদিতে আগুন জ্বালিয়ে দেয়া হবে।”

বিকাল ৩টায় বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি ও মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশের কার্যক্রমের শুরুতেই বক্তব্য দেন জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতা আতিকুর রহমান আতিক।

সমাবেশ শুরুর আগেই যুদ্ধাপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত ও গ্রেপ্তার নেতাদের ছবি ও তাদের মুক্তির দাবি সম্বলিত ব্যানার, পোস্টার নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হয় শিবিরকর্মীরা।

জামায়াতের সাবেক আমির গোলাম আযম, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি করা হয় এসব ব্যানরে।