শিবিরনেতার বক্তব্যে সমাবেশ শুরু
ইসলামী ছাত্র শিবিরের এক নেতার বক্তব্য দিয়ে শুরু হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশ।
শুক্রবার বিকাল ৩টায় কোরআন থেকে তেলাওয়াতের পর সমাবেশে প্রথম বক্তব্য রাখেন শিবিরে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আতিকুর রহমান।
‘সর্বদলীয়’ সরকার প্রতিষ্ঠার প্রতিবাদে ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে সারাদেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে এই বিক্ষোভ সমাবেশ হচ্ছে। সমাবেশে ছোট ছোট মিছিল নিয়ে যোগ দিচ্ছেন বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে এই সমাবেশ থেকে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, বিরোধী দলীয় নেতার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ নেতা-কর্মীদের মুক্তির দাবি জানানো হবে।
এদিকে সমাবেশকে ঘিরে সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের গেইটের বাইরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন ও মাঠের চারপাশে ব্যাপক পুলিশ ও সাদা পোষাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সমাবেশের কারণে মৎস্য ভবন থেকে শাহবাগের রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
