স্বাধীনতার উদ্যানে যুদ্ধাপরাধীদের মুক্তি দাবি
যে উদ্যানে স্বাধীনতা সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল, সেখানেই সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের নিঃশর্ত মুক্তির দাবি তোলা হয়েছে।
শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের সমাবেশে ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী এবং বিচারাধীন অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতাদের মুক্তির দাবিতে ব্যানারে ছেয়ে ফেলেছে ইসলামী ছাত্র শিবির।
১৮ দলীয় জোটের সমাবেশ মঞ্চ নির্মাণ শেষ হওয়ার আগেই মাঠের দখল নিতে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হয় শিবিরকর্মীরা।
বাঙালির স্বাধীন চেতনার প্রতীক হয়ে যেখানে জ্বলছে শিখা চিরন্তন, সেই সোহরাওয়ার্দীতে তারা হাজির হয়েছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী ও যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের ছবি ও তাদের মুক্তির দাবি সম্বলিত ব্যানার নিয়ে।
এই সমস্ত ব্যানারে যুদ্ধাপরাধী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযম, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে।
একইসঙ্গে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারান্তরীণ নায়েবে আমির এ কে এম ইউসুফ আলী, জামায়াতনেতা মীর কাসেম আলী ও এটিএম আজহারুল ইসলামেরও মুক্তি দাবি করা হয়েছে।
উদ্যানের ভেতরে পাম গাছগুলোর সঙ্গে রশি দিয়ে টানানো এরকম অন্তত ১৫টি ব্যানারে ট্রাইব্যুনালের দেয়া রায়কে অবৈধ বলা হয়েছে।
সেগুলোতে লেখা রয়েছে, “অবৈধ রায় মানি না।”
বিকাল ৩টায় কোরআন থেকে তেলাওয়াতের পর সমাবেশে প্রথম বক্তব্য রাখেন শিবিরে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আতিকুর রহমান।
এরপর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার আগে বক্তব্য রাখেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও শামসুজ্জামান খান দুদু।
‘সর্বদলীয়’ সরকার প্রতিষ্ঠার প্রতিবাদে ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে সারাদেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে এই বিক্ষোভ সমাবেশ হচ্ছে। সমাবেশে ছোট ছোট মিছিল নিয়ে যোগ দিচ্ছেন বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে এই সমাবেশ থেকে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, বিরোধী দলীয় নেতার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ নেতা-কর্মীদের মুক্তির দাবি জানানো হবে।
এদিকে সমাবেশকে ঘিরে সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের গেইটের বাইরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন ও মাঠের চারপাশে ব্যাপক পুলিশ ও সাদা পোষাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সমাবেশের কারণে মৎস্য ভবন থেকে শাহবাগের রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
বিএনপির আপত্তির মধ্যেই সরকার নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভা করে ইতোমধ্যে দপ্তর বণ্টন করেছে। এই সরকারের অধীনেই মধ্য জানুয়ারিতে দশম জাতীয় সংসদ নির্বাচন হবে।
বিএনপিকেও এ সরকারে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে ‘তামাশা’ আখ্যায়িত করে বিরোধী দল তা প্রত্যাখ্যান করেছে।
বিএনপি নেতারা বলছেন, তাদের বাদ দিয়ে একতরফা নির্বাচন করতেই সরকারের এ উদ্যোগ।
