২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ, গাড়িতে আগুন

বিএনপির শীর্ষ নেতাদের আটকের খবরে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে যানবাহনে ভাংচুর চালিয়েছে বিএনপি-জামায়াতের কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 12:35 AM

Updated : 23 Aug 2022, 07:15 PM

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ বাইপাস, কুমিরা, বাঁশবাড়িয়া, বারবকুণ্ডসহ কয়েকটি স্থানে যানবাহন ভাংচুরের এই ঘটনা ঘটে। এছাড়া দক্ষিণ বাইপাস এলাকায় তিনটি বাসে আগুন দেয়া হয়।

পরে রাত ৩টার দিকে বাড়তি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে সীতাকুণ্ড থানার ওসি বদিউজ্জামান জানান।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আগামী রোববার থেকে আরো তিন দিনের হরতাল ঘোষণার কয়েক ঘণ্টা পর কারওয়ান বাজার থেকে গ্রেপ্তার হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া।

এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে তাৎক্ষণিকভাবে মিছিল বের করে বিএনপি কর্মীরা। বিভিন্নস্থানে শনিবার হরতালেরও ডাক দেয়া হয় স্থানীয় বিএনপি।

সীতাকুণ্ড থানার এসআই মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে গ্রেপ্তারের খবর আসার পর সীতাকুণ্ডে রাস্তায় নেমে ভাংচুর শুরু করে বিরোধী দলের কর্মীরা। এ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম জেলা পুলিশের (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার ফরিদউদ্দিন বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও ট্রাক-লরি রেখে বিএনপি-জামায়াত কর্মীরা অবরোধ সৃষ্টি করে। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

পরে চট্টগ্রাম থেকে বাড়তি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে সীতাকুণ্ডের ওসি জানান।

তিনি বলেন, বিএনপি-জামায়াত কর্মীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।