২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দলকে সিপিবি-বাসদের ২৪ ঘণ্টা সময়

২৪ ঘণ্টার মধ্যে বিরোধী দলকে হরতাল প্রত্যাহার এবং সরকারকে ঐকমত্যে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2013, 05:59 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

পুরনো খবর:

সোহরাওয়ার্দীতে সিপিবি-বাসদের জনসভা

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা থেকে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এই আহ্বান জানান।

আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক ‘দ্বি-দলীয় বৃত্ত’ ভাঙার শ্লোগান নিয়ে শিখা চিরন্তন চত্বরে সিপিবি-বাসদের এই সমাবেশ হয়।

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ছাড়াও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং গণফোরামের নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম খান কামাল এবং সিপিবি-বাসদের শীর্ষ নেতারা সভামঞ্চে উপস্থিত ছিলেন।

সিপিবি সভাপতি বলেন, “এরশাদের পতনের সময় আমরা ২৪ ঘণ্টার মধ্যে ঐকমত্যে এসেছিলাম। তখন ২৪ ঘণ্টার মধ্যে একমত হতে পারলে এখন কেনো আমরা ২৪ ঘণ্টার মধ্যে একমত হতে পারবো না?

“বিরোধী দলকে বলছি, আপনারা ২৪ ঘণ্টার মধ্যে হরতাল প্রত্যাহ্যার করেন। প্রধানমন্ত্রীকে বলছি, আপানারা ২৪ ঘণ্টার মধ্যে ঐকমত্যে আসেন।”

দুই দফায় ছয় দিন হরতালের পর ফের রবি থেকে মঙ্গলবার ৭২ ঘণ্টার এই হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

তাদের দাবি, দশম সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ তা মানতে নারাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে ক্ষমতাসীনরা।

বড় এ দুই দলের উদ্দেশ্যে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “সংঘাত-সংঘর্ষে আপনারা দেশকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যে আবারো অশুভ শক্তি এসে আমাদের ওপর চেপে বসবে।”

কূটনীতিকসহ বিভিন্ন মহলের তাগিদের মধ্যে সংলাপের উদ্যোগের অংশ হিসেবে গত ২৬ অক্টোবর খালেদা জিয়াকে টেলিফোন করে আলোচনার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হরতালের মধ্যে সে আমন্ত্রণ গ্রহণ করতে অসম্মতি জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, হরতাল শেষে আলোচনা করতে তিনি রাজি।

এরপর দুই পক্ষ নতুন করে আলোচনার উদ্যোগ নিতে পরস্পরকে বলে আসছে।

এরই মধ্যে ব্যবসায়ী নেতারা মহাসচিব পর্যায়ে বৈঠকের একটি প্রস্তাব নিয়ে দুই নেত্রীর সঙ্গে দেখা করেন। দুই নেত্রীই বলেন সংলাপের দরজা খোলা। কিন্তু সমঝোতার সেই চেষ্টা এখনো সফলতার মুখ দেখেনি।

সিপিবি-বাসদের পক্ষ থেকেও সমঝোতার উদ্যোগ নেয় হয়; প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠক করেন এ দুই বাম দলের প্রতিনিধিরা। আশা জাগাতে পারেনি তাদের চেষ্টাও।  

সংলাপ না হওয়ার জন্য বিএনপি ও আওয়ামী লীগ পরস্পরকে দায়ী করে আসছে।

‘পার্থক্য ঊনিশ আর বিশ’

মুজাহিদুল ইসলাম সেলিম সমাবেশে বলেন, “আওয়ামী লীগ ও বিএনপির নেতারা অনেক মিথ্যা কথা বলেন, কিন্তু তারা পরস্পর সম্পর্কে সত্য কথাই বলেন।

“অনেকে বলে, এই দুই দল বিরোধীদলে থাকলে জনগণের কথা বলে, কিন্তু ক্ষমতায় গেলে তা ভুলে যায়। তাই আমরা বলি, এমন ব্যবস্থা করুন, যাতে এ দুই দল চিরদিনের মতো বিরোধীদলে থেকে যায়।”

সিপিবি সভাপতির ভাষায়, “সব সাপে একই বিষ, নৌকা-লাঙ্গল-পাল্লা-ধানেরশীষ, পার্থক্য ঊনিশ আর বিশ।”

এই ‘ঊনিশ আর বিশকে’ পরস্পরের বিকল্প না বানিয়ে বাম ঐক্যের ডাক দেন সেলিম।

“যে সব বামপন্থী আছেন, দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি আছেন, এদিক সেদিক সময় নষ্ট না করে আসুন আমরা ঐক্যবদ্ধ হই।”

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে থাকা বাম দল দলগুলোর প্রতিও একই আহ্বান জানান সিপিবি সভাপতি।

তিনি বলেন, “জোটে থেকে বোঝানোর মাধ্যমে যে কিছু করা যায না সেটাতো আপনার এতোদিনে নিশ্চই বুঝতে পেরেছেন। মহাজোট ছেড়ে আসুন আমাদের এই মঞ্চে শামিল হোন।”

ভাসানী-তাহের-মনি সিংহের সমর্থকদেরকে এক করতে পারলে বাম দলগুলো ‘নিজস্ব রাজনৈতিক শক্তি’ হিসাবে দাঁড়াতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

‘মৌলবাদ-অগণতান্তিক শক্তিকে ঠেকাতে হবে’

সিপিবি সভাপতি বলেন, বাংলাদেশের মানুষের সামনে সবচেয়ে বড় বিপদ হলো ‘জামায়াত-শিবির ও হেফাজত’।

“কেউ তাদের সঙ্গে জোট করতে পারে, কেউ তাদের সঙ্গে লিয়াঁজো করতে পারে। কিন্তু সিপিবি বাসদের একজন কর্মী বেঁচে থাকতে তাদের সঙ্গে কোনো আপস হবে না। এই মহাবিপদের হাত থেকে যে কোনো মূল্যে আমাদের বাঁচতে হবে।”

তবে জামায়াতকে মোকাবেল করতে গিয়ে ‘কোনো অগণতান্ত্রিক শক্তি’ যাতে ক্ষমতায় আসতে না পারে- সেদিকেও নজর দেয়ার আহ্বান জানান তিনি।

সিপিবি সভাপতির মতে, নির্বাচনে সব দলের অংশগ্রহণ না থাকলে তা অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আনার পথ প্রশস্ত করতে পারে।

‘মালিকরা না চালালে সরকারি নিয়ন্ত্রণে গার্মেন্ট’

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, পেঁয়াজের দাম ১১০টাকা কেন তার জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। শ্রমিকের ন্যূনতম মজুরি কেন ৮০০০ টাকা হবে না- তাও শেখ হাসিনাকে বলতে হবে।

“মালিকরা এতোদিন যে টাকার পাহাড় গড়েছে সেটা তাদের নিয়ে যেতে দেয়া হবে না। তাদের মূলধনের সঙ্গে ১০ শতাংশ হারে সুদ দিয়ে তাদের বিদায় দেয়া হবে। বাকি টাকাসহ পোশাক কারখানাগুলো সরকারি নিয়ন্ত্রণে নিয়ে পরিচালনা করতে হবে।”

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, “গার্মেন্টস মালিকরা বলেছে, শ্রমিকদের দাবি করা মজুরি তারা দিতে পারবে না। তাহলে তারা কারখানা চালাবে না। মালিকরা কারখানা বন্ধ করলে সেসব কারখানা জাতীয়করণ করে সরকারি ব্যবস্থাপনায় পরিচালনা করতে হবে।”

‘ইসির তত্ত্বাবধানে প্রচারণ’

সেলিম বলেন, নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনে জামানতের পরিমাণ ২০ হাজার টাকা নির্ধারণ করায় সাধারণ মানুষের নির্বাচনে দাঁড়ানোর পথ রুদ্ধ হয়েছে। সিপিবি-বাসদ প্রার্থীদের ব্যয়সীমা ১৫ লাখ টাকা থেকে কমিয়ে ৫ লাখ টাকা করতে বললেও ইসি তা বাড়িয়ে ২৫ লাখ টাকা করেছে।

“যদি নির্বাচন কমিশনের টাকায় পোস্টার ক্যাম্পেইন করে দেয়া হতো, যদি এর বাইরে প্রার্থীদের কোনো খরচ করতে দেয়া না হতো, তাহলে আগামী নির্বাচনে সিপিবি-বাসদ-নাগরিক ঐক্য-গণফোরামসহ অন্যান্য দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি ৩০০ আসনে ৩০০ আসন পেত।”

তিনি বলেন, নির্বাচন বয়কট বা একতরফা নির্বাচনের মতো কোনো ঘটনায় কোনো জোটকে সিপিবি-বাসদের নাম ব্যবহারের সুযোগ তারা দেবেন না। 

“আমরা ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। তবে ১ মিনিটের মধ্যেই আমরা আবার নির্বাচন বয়কটের সিদ্ধান্তও নিতে পারি। নির্বাচনের আগে জণগণের সঙ্গে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নেব।”

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, “দুই জোট স্বৈরাচার ও মৌলবাদের কাঁধে ভর করে ক্ষমতায় যেতে চাইছে। তারা স্বাধীনতা ও ধর্ম বিশ্বাসকে পুঁজি হিসাবে ব্যবহার করছে। আমাদের এই জোটের বিকল্প গড়ে তুলতে হবে। এই জোট গড়লে কালই সাফল্য নাও মিলতে পারে। কিন্তু আজ শুরু না করলে দেরি হয়ে যাবে।”

বড় দুই দলের সংলাপে অচলবস্থার সৃষ্টি হয়েছে মন্তব্য করে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না দুই নেত্রীর উদ্দেশে বলেন, “আপনারা যদি সমাধান না করেন তাহলে বিশিষ্ট নাগরিকদের নিয়ে, সিপিবি-বাসদ-গণফোরাম-নাগরিক ঐক্য লাখো মানুষকে নিয়ে আমরা ঢাকার রাস্তায় বসে যাবে। আমরা বলব, হয়তো তোমরা সমস্যার সমাধান করো, নয়তো আমাদের কথা শোনো।”

গণফোরামের নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম কামাল বলেন, “আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বিকল্প শক্তির কথা আমরা অনেকেই বলি। কিন্তু দৃশ্যমান কোনো মঞ্চ আমরা দাঁড় করাতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা।… তাই আর কথা না বাড়িয়ে আসুন মানুষকে ঐক্যবদ্ধ করি।”

অন্যদের মধ্যে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শাহ আলম, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ সমাবেশে বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন।

সমাবেশের পর শিখা চিরন্তন সংলগ্ন সমাবেশস্থল থেকে একটি মিছিল নিয়ে কাঁটাবন, নীলক্ষেত হয়ে শহীদ মিনারে যান সিপিবি-বাসদ কর্মীরা।