রাষ্ট্রপরিচালনার নেতৃত্ব দিতে স্কাউটদের প্রস্তুত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
স্বার্থপরতা, হিংসা, বিদ্বেষ ও নৈতিক অবক্ষয়ের ঊর্ধ্বে উঠে আগামীতে রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিতে স্কাউটদের প্রস্তুত হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্কাউটসের শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেছেন, “স্বার্থপরতা, হিংসা, বিদ্বেষ ও নৈতিক অবক্ষয়ের ঊর্ধ্বে উঠে আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেয়ার জন্য তোমাদের প্রস্তুত হতে হবে। আশা করি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সর্বশেষ কলাকৌশল রপ্ত করে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে তোমরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।”
প্রধানমন্ত্রী বলেন, স্কাউটিং এর মাধ্যমে ছোটবেলা থেকে ছেলেমেয়েরা ধাপে ধাপে আত্মনির্ভরশীল এবং সেবার ব্রত নিয়ে বেড়ে ওঠে। প্রকৃতির কাছাকাছি গিয়ে প্রায়োগিক শিক্ষা গ্রহণ করে।
শেখ হাসিনা বলেন, “তোমাদের মত আমিও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তোমাদের মাঝে রয়েছে আমাদের আগামী দিনের নেতৃত্ব।”
দেশের ১২ লাখ স্কাউট সদস্যের মধ্যে ২৫৯ জন এই শাপলা কাব অ্যাওয়ার্ড পেয়েছ। তাদের মধ্যে মধ্যে ১৭ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ স্কাউটসের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার আবুল কালাম আজাদ ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রশাসন) মেসবাহ উদ্দিন ভূইয়া বক্তব্য দেন।
