বড় দুই দলকে অবস্থান স্পষ্ট করার আহ্বান
দুই প্রধান রাজনৈতিক দলকে রাজনৈতিক ইশতেহারে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
রোববার বিকাল ৫টায় শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ কথা বলেন।
জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করাসহ ছয় দফা দাবিতে গণজাগরণ মঞ্চ এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।
ইমরান বলেন, সাম্প্রদায়িক শক্তি তাদের রক্তচক্ষু ও নখর দিয়ে দেশকে বিদ্ধ করতে চাইছে। দেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির উপর কোন ধরনের আঘাত এলে গণজাগরণ মঞ্চের কর্মীরা বসে থাকবে না।
প্রয়োজনে শাহবাগে আবারো লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
সমাবেশে হরতালে জামায়াতের তাণ্ডব, বিশিষ্ট ব্যক্তির বাসভবন ও গণমাধ্যমে বোমা হামলার নিন্দা জানানো হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর তুরীন আফরোজ বলেন, “সাম্প্রদায়িক শক্তি সারাদেশের ৪০ হাজার কওমী মাদ্রাসার ৫০ লাখ শিশুকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। অবুঝ এসব শিশুর হাতে বোমা তুলে দিয়ে তাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেয়া হয়েছে।”
এসব শিশুর নিরাপত্তার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, জামায়াতের আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ করে অবিলম্বে এ সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ বলেন, গণমাধ্যম মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির টার্গেটে পরিণত হয়েছে।
