২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দ্বিতীয় দিনের হরতালে বিক্ষিপ্ত সংঘর্ষ

বিরোধী দলের ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী ও সীতাকুণ্ডে বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের বিক্ষিপ্ত সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজেস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 12:26 AM

Updated : 23 Aug 2022, 07:11 PM

সোমবার এসব সংঘর্ষে আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী।

পটিয়া উপজেলার শান্তিরহাটে বেলা ১১টা ও সাড়ে ১২টার দিকে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়।

পটিয়া থানার এসআই হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কিছুক্ষণ পর সাড়ে ১২টার দিকে আবার সংঘাতে জড়ায় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা।

সংঘর্ষে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানায় পুলিশ।   

এদিকে বোয়ালখালী উপজেলার ফুলতলায় দুপুরে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ঢিল ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে।

বোয়ালখালী থানার ওসি জহিরুল ইসলাম সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুইপক্ষ পৃথক সমাবেশ করার সময় সোয়া ১২টার দিকে বিএনপির দিক থেকে ঢিল ছোড়ার পর দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।

পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে জেলার সীতাকুণ্ডের দক্ষিণ বাইপাসে সকালে দুটি গাড়িতে আগুন ও আওয়ামী সমর্থক এক ইউপি চেয়ারম্যানের কার্যালয় ভাংচুর করে হরতাল সমর্থকরা।

বারৈয়ার ঢালা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেহান উদ্দিন জানান, দুপুরের দিকে সীতাকুণ্ডের ছোট দারোগার হাট বাজারে তার কার্যালয়ে হামলা করে বিএনপি ও শিবিরকর্মীরা।

এ সময় কয়েকটি দোকানেও ভাংচুর করা হয় বলে দাবি করেন তিনি।