২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার প্রস্তাব দেশে-বিদেশে প্রশংসিত: নোমান

দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার দেয়া নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রস্তাব দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে দাবি করে সরকারকে তা মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 09:55 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

মঙ্গলবার চট্টগ্রামে এক সমাবেশে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য দেশে ও বিদেশে সর্বমহলে প্রশংসিত হয়েছে। এখন সরকারের উচিত এই ফর্মূলা গ্রহণ করা। এই প্রস্তাব মেনে নিলেই দেশের রাজনৈতিক সংকটের সুরাহা হবে।”

বিকালে নগরীর কাজীর দেউড়ি মোড়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ও সভা-সমাবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে নগর যুবদল ও ছাত্রদল আয়োজিত মিছিলের আগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নোমান বলেন, “সরকারকে দাবি মানতে হবে। অন্যথায় গণআন্দোলনের মাধ্যমে বিদায় নিতে হবে।”

সাবেকমন্ত্রী বলেন, “আমরা সংঘাত চাই না। সরকার যদি ক্ষমতা কুক্ষিগত করতে বিএনপিকে বাইরে রেখে একদলীয় নির্বাচন করার অপচেষ্টা চালায় তাহলে সংঘাত অনিবার্য। বাংলাদেশের মাটিতে বিএনপি একদলীয় নির্বাচন হতে দেবে না।”

২৪ অক্টোবরের মধ্যে দাবি না মানলে ২৫ অক্টোবর চট্টগ্রাম থেকে সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু করার ঘোষণা দেন তিনি।

এই বিএনপি নেতা বলেন, ২৪ অক্টোবরের পর আওয়ামী লীগ সরকারের কোনো শাসন বাংলাদেশের মানুষ মানবে না।

“২৫ অক্টোবর থেকে আওয়ামী দুঃশাসন থেকে দেশের জনগণ নাজাত পাবে। সেদিন থেকে হাসিনা যুগের অবসান হবে এবং খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে।”

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন, নগর ছাত্রদল সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ, নগর যুবদল সভাপতি কাজী বেলাল, বিএনপির কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক বেগম রোজী কবির, কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর যুবদল সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দিপ্তী, বিএনপি নেতা সামশুল আলম, এম এস সবুব ও আবদুস সাত্তার।

সমাবেশ শেষে একটি মিছিল নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে শুরু হয়ে জুবিলী রোড, আমতল, রাইফেল ক্লাব হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে বিএনপি, ছাত্রদল ও যুবদলেল কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।