২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফের সংবাদ সম্মেলন স্থগিত

সংলাপের প্রস্তাব নিয়ে বিএনপির চিঠি পাওয়ার পর ঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 09:40 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনে খালেদা জিয়ার প্রস্তাব উত্থাপনের পর তার প্রতিক্রিয়া জানাতে বুধবার সকালে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল।

এর মধ্যে মঙ্গলবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিঠি পাওয়ার পর রাতে সংবাদ সম্মেলন স্থগিতের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ।

কী কারণে এই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি মৃণাল দাশ। তা পরে কবে হতে পারে, সে বিষয়েও কিছু বলেননি তিনি।

তবে আওয়ামী লীগের নীতি-নির্ধারকদের একজন নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপির চিঠি পাওয়ার পর এখন পরিস্থিতি যেন তিক্ততার দিকে না যায়, সেজন্যই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।”

আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে তিক্ত সম্পর্ক চলছিল, যা নিয়ে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কাও করছেন অনেকে।

সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হবে।

দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি সংবিধানে পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপি।

দুই দলের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়ে তাতে বিরোধী দলকে অংশ নেয়ার আহ্বান জানান।

এর প্রতিক্রিয়ায় সোমবার সংবাদ সম্মেলন করে পাল্টা প্রস্তাবে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের রূপরেখা তুলে ধরে তা নিয়ে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দুই প্রধান নেত্রীর প্রস্তাব বিপরীত হলেও তার মধ্যদিয়ে আলোচনার পথ খুলল বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা।

Image
সৈয়দ আশরাফুল ইসলাম

সৈয়দ আশরাফুল ইসলাম

খালেদা জিয়ার প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের মধ্যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার সংবাদ সম্মেলন ডাকেন আশরাফ।

তবে এর মধ্যেই ক্ষমতাসীন দলের সঙ্গে আলোচনার প্রস্তাব নিয়ে ফখরুলের চিঠি নিয়ে আশরাফের বাড়িতে পৌঁছে দেন বিএনপির কয়েকজন নেতা।

ওই সময়ে আশরাফ বাড়িতে ছিলেন না। আর গুলশানে সংবাদ সম্মেলন করে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছিলেন ফখরুল।

প্রধানমন্ত্রীর দিনাজপুর যাত্রার সঙ্গী আশরাফ সংবাদ সম্মেলনের মাঝেই ফখরুলকে ফোন করে চিঠি পাওয়ার কথা জানান। দুজনের এই কথা বলা সংলাপের যাত্রার শুরু বলে মনে করেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা।

পুরনো খবর:

সংলাপের পথে নাটকীয় মোড়