২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দা-কুড়ালের’ বিরুদ্ধে মহিউদ্দিনের ‘জনগণের বাহিনী’

বিএনপির ‘দা-কুড়াল হুমকির’ বিরুদ্ধে চট্টগ্রামে পাড়ায় মহল্লায় ‘জনগণের বাহিনী’ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 03:03 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

আগামী ২৪ ও ২৫ অক্টোবর লালদীঘি ময়দানে জনসভা করারও ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার দুপুরে নগরীর ষোলশহরে নিজের বাসায় নগর আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেমনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে বিরোধী দলের নেতারা ‘দা-কুড়াল, পদাতিক গোলন্দাজ’ ইত্যাদি শব্দ ব্যবহার করে এক ধরনের ‘মানসিক সন্ত্রাসের’ জন্ম দিয়েছেন। অথচ এর জবাবে প্রধানমন্ত্রী তার ভাষণে বিরোধীদলকে অন্তবর্তী সরকারে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

বিরোধী দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, “হুংকার ছাড়বেন না। হুংকারে চট্টগ্রামবাসী মাথা নত করে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।”

বিরোধীদলকে নির্বাচনে অংশ নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, “আমরা অস্ত্র চাই না, দা-কুড়াল চাই না, আমরা ব্যালট চাই। ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। আগামী নির্বাচনে সর্বদলীয়ভাবে অংশগ্রহণের জন্য আহবান জানাচ্ছি।”

তা না করে বিরোধী দল আবারো ‘হুংকার’ দিলে আওয়ামী লীগ ‘নিরব থাকবে না’ বলেও তিনি মন্তব্য করেন।

বিরোধীদলের উদ্দেশ্যে তিনি বলেন, “নির্বাচনে অংশ নিন। আমাদেরও ক্ষমতা আছে। তবে তা দেখাতে চাই না।”

ঢাকায় ২৫ অক্টোবর বিরোধী দলের জনসভার ঘোষণার জবাবে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি সংঘাত ডেকে আনবে কি না জানতে চাইলে মহিউদ্দিন বলেন, “আমরা স্কোয়াড গঠন করে সংঘাত করতে রাজি নই। শান্তি-শৃঙ্খলার জন্য স্কোয়াড গঠন করেছি।”

তিনি জানান, আগামী ২৪ ও ২৫ অক্টোবর ‘চট্টগ্রামের শান্তিপ্রিয় জনগণকে’ সঙ্গে নিয়ে নগর আওয়ামী লীগ লালদীঘি ময়দানে জনসভা করবে। এজন্য অনুমতি চেয়ে চিঠিও দেয়া হয়েছে।

ওই জনসভা থেকেই পরবর্তী কর্মসূচি জানানো হবে বলে উল্লেখ করেন মহিউদ্দিন।

সংবাদ সম্মেলনে মহিউদ্দিন চৌধুরীর পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল। অন্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, এম এ রশিদ, রেজাউল করিম চৌধুরী, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, অবসরপ্রাপ্ত মেজর মো. এমদাদ, চট্টগ্রামের মহানগর আদালতের পিপি কামাল উদ্দিন আহমদ ও আ জ ম নাছির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।