২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতায় থাকায় আশাবাদী শেখ হাসিনা

আগামীতে আবার সরকার গঠনের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 06:34 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

স্থানীয় সরকার পর্যায়ে আওয়ামী লীগ সমর্থিত জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময়ে শেখ হাসিনা বলেছেন, “আমার দৃঢ় বিশ্বাস, ইনশাল্লাহ আমরা আবার সরকার গঠন করে জনগণের সেবা করতে পারবো।”

গণভবনে শনিবার বিকালে এই অনুষ্ঠানে শেখ হাসিনা আরো বলেন, আগামীতে তার দল জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারবে।

দলীয় সমর্থন পাওয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশন ও পৌরসভা মেয়রদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “জনগণ যেনো জনপ্রতিনিধিদের সেবা পেতে পারে সেজন্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার।”

গণতান্ত্রিক চর্চার ওপর গুরুত্বারোপ করে দীর্ঘদিন দেশে ‘গণতন্ত্রের চর্চা হয়নি’ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ প্রধান।

শেখ হাসিনা বলেন, “মানুষের জীবনযাত্রা সহজ করতে আমরা কাজ করছি। কিন্তু, তা আরো সহজ করতে হবে।”

“নিদেনপক্ষে প্রত্যেকের যেনো একটি করে টিনের ঘর হয়- সে ব্যবস্থা আমরা করবো”, যোগ করেন শেখ হাসিনা।

আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তৈরীতে মতবিনিময় অনুষ্ঠানের উপস্থিত আওয়ামী লীগ সমর্থিত এক হাজার ১৬৬ জনপ্রতিনিধিদের মতামতও চান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে চায়।

উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনে বিভিন্ন কমিটি করার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা  জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, “আইনটা পড়ে দেখা দরকার। ম্যানুয়েল পড়ে নিয়ে কী কাজ করা দরকার- তা দেখবেন।”

আগামীতে জেলা ভিত্তিক বাজেট দেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আগামীতে ক্ষমতায় আসলে প্রতিটি এলাকার সার্বিক উন্নয়নের দিকে খেয়াল রেখে জেলা ভিত্তিক বাজেট তৈরী করে বরাদ্দ দেওয়া হবে।”

“কেন্দ্র থেকে শুধু বাজেট অ্যালোকেশন এবং মনিটরিং করা হবে”, যোগ করেন হাসিনা।

শেখ হাসিা বলেন, “আগামীতে ক্ষমতায় আসলে আমরা দেখবো- কোন কোন জেলার কি কি উন্নয়ন দরকার। প্রত্যন্ত এলাকার উন্নয়নের জন্য কী কী ঘাটতি আছে।”

স্থানীয় পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

আগামীতে ক্ষমতায় আসলে ‘প্রতিটি ঘরে ঘরে’ বিদ্যুৎ দেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমরা সোলার লাইটের ব্যবস্থা করবো। বিদ্যুতের জন্য যেনো আর হাহাকার করতে না হয়। আল্লাহ আমাদের এতো রোদ দিয়েছে। তাই আমরা কাজে লাগাবো।”

অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, রহমত আলী ও হোসেন তৌফিক ইমাম, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ।