নিরাপত্তা জোরদার করছে ইসি
দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনার, ইসি সচিবালয় ও আঞ্চলিক কার্যালয়সমূহে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ঢাকায় নির্বাচনী উপকরণ সংরক্ষণে সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিতে ইতোমধ্যে পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় কার্যালয়েও পাহারা বাড়ানো হয়েছে।
এছাড়া এতদিন ব্যক্তিগত নিরাপত্তা সুবিধা বঞ্চিত নির্বাচন কমিশনারদের জন্যও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।
আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
নির্বাচন পদ্ধতি নিয়ে প্রধান দুই রাজনৈতিক জোটে বিপরীতমুখী অবস্থানে রয়েছে।
এ অবস্থায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন রোববার জানান, সমঝোতা না হলে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা।
নির্বাচন কমিশন
নির্বিঘ্নে ভোট দিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
ইসির চাহিদা অনুযায়ী ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের সহায়তা দেওয়ার কথা সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর প্রধান বিরোধী দল ভোট প্রতিহতের কথা বলে আসছে।
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নির্বাচনী মালামাল ও উপকরণ সংগ্রহ চলছে ইসিতে।
ঢাকা বিভাগীয় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম নির্বাচনী উপকরণ সংরক্ষণে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সম্প্রতি ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছেন।
১৩ অক্টোবর পাঠানো ওই চিঠিতে ঈদ-উল-আজহার সরকারি ছুটি থেকে সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কার্যালয়ের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন বলে উল্লেখ করেন এ কর্মকর্তা।
চিঠিতে বলা হয়, সেগুনবাগিচায় ঢাকা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের প্রথম ১২ তলার ৬ষ্ঠ তলা ও নিচতলার গোডাউন, আগারগাঁওয়ের জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার গোডাউনসহ দ্বিতীয় থেকে চতুর্থ তলা এবং ডেমরায় থানা নির্বাচন কার্যালয়ে (তেজগাঁও সার্কেল অফিস সংলগ্ন) দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ নথি, স্বচ্ছ ব্যালট বাক্স ও অন্যান্য উপকরণ সংরক্ষিত রয়েছে।
একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনী উপকরণের নিরাপত্তা প্রয়োজন।
এ বিষয়ে ইসি সচিবালয়ের উপসচিব ও ঢাকা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ জানান, যেহেতু নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে এবং ঈদেরও একটা লম্বা ছুটি আছে তাই একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
“এতে ওইসব নির্বাচনী কার্যালয় বিশেষ নজরদারিতে রাখবে পুলিশ। এছাড়া সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে ব্যাটলিয়ন আনসার মোতায়েন করা হয়েছে।”
ইতোমধ্যে দাতা সংস্থাগুলো নির্বাচনী উপকরণের একটা বিরাট অংশ ইসির কাছে হস্তান্তর করেছে।
এসব মালামালের মধ্যে রয়েছে ১৭ হাজার ৩০০ লাল গালা, অফিসিয়াল সিল এক লাখ ২৯ হাজার ৬০০, মার্কিং সিল দুই লাখ ৩১ হাজার এবং ব্রাশ সিল ১৮ হাজার।
এছাড়া নতুন করে প্রায় ৪০ হাজার স্বচ্ছ ব্যালট বাক্স হস্তান্তরের অপেক্ষায় রয়েছে।
নির্বাচনকে ঘিরে ইসি সচিবালয়ের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। সংসদ নির্বাচনে ব্যবহারের এসব সামগ্রী পাহারা দিচ্ছে ব্যাটলিয়ান আনসাররা। তফসিল ঘোষণার আগে-পরে এসব উপকরণ মাঠপর্যায়ে সরবরাহ করা হবে।
২৫ অক্টোবর নির্বাচনের ক্ষণ গণনা শুরু থেকে রাজনৈতিক উত্তাপের আভাস রয়েছে। এ অবস্থায় চার নির্বাচন কমিশনারের পুলিশি নিরাপত্তা দিতে ঢাকা পুলিশ কমিশনারকে অনুরোধ জানানো হতে পারে বলে জানান ইসির একজন উপসচিব।
সিইসির প্রটেকশন আগে থেকে বহাল থাকলেও বিগত সময়ে দুই নির্বাচন কমিশনারের প্রটেকশন তুলে নেওয়া হয়।
ইসি সচিবালয়ের সেবা শাখার ওই কর্মকর্তা জানান, অন্তত নির্বাচন পর্যন্ত কমিশনারদের অফিসে আসা-যাওয়া জন্য স্থায়ীভাবে পুলিশ প্রটেকশন চাওয়া হবে। হরতাল চলাকালেও অস্থায়ী পুলিশ প্রটেকশন চাওয়া হয়েছিল, তাতে সাড়াও দেয় দায়িত্বশীল সংস্থা।
“বিগত ইসির সময়ে পুলিশের স্বল্পতার কথা বলে প্রটেকশন তুলে নেওয়া হয়। এরপর স্থায়ীভাবে প্রটেকশন পায়নি নতুন চার নির্বাচন কমিশনার। এবার নির্বাচনকালীন সরকার ইসির চাহিদা পেলেই সাড়া দেবে আশা করছি,” বলেন তিনি।
